মূল কাঠামোতে ক্ষতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের দেয়াল ও মেঝের ফাটল ঝুঁকিপূর্ণ নয়। মূল ভবনের কাঠামোতেও কোনো ক্ষতি হয়নি। ফাটলের ঘটনায় গঠিত সরকারি পরিদর্শন কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
গত ২৫ ও ২৬ এপ্রিল ভূমিকম্পের পর ১১ তলা ভবনের এই হলের দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দেওয়ায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২৬ এপ্রিল সাত দিনের জন্য হল খালি করে দেওয়া হয়। এ ঘটনায় সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই দফায় হলটি পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার প্রতিবেদন দেয়। এরপর হলটি পুনরায় খুলে দেওয়া হয়।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রকৌশলীদের প্রতিবেদন পাওয়ার পর বিভিন্ন দিক পর্যালোচনা করে হলটি খুলে দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ হোসনে আরা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার থেকেই হলটিতে ছাত্রীরা উঠতে শুরু করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, ভূমিকম্পের পরপরই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কয়েকজন প্রকৌশলী হলটি পরিদর্শন করেন। পরে শিক্ষামন্ত্রীও হল পরিদর্শনে যান। এ সময় শিক্ষামন্ত্রী বিস্তারিতভাবে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালাকে নির্দেশ দেন।
মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, ছাত্রী হলটির উত্তর ব্লকের তৃতীয়, চতুর্থ, নবম ও দশম তলার কয়েকটি কক্ষের মেঝে (ফ্লোর) এবং বিভাজক দেয়ালে (পার্টিশন ওয়াল) ফাটল দেখা গেছে। পরীক্ষা করে দেখা গেছে, ভবনের মূল কাঠামোতে কোনো প্রকার ক্ষতি হয়নি। মেঝের ফাটলগুলো শুধু পেটেন্ট স্টোনের (মেঝে মসৃণ করতে দেড় ইঞ্চি গভীর ঢালাই) মধ্যে সীমাবদ্ধ। বিভাজক দেয়ালের ফাটলগুলো পলেস্তারার (প্লাস্টার) মধ্যে সীমাবদ্ধ।
প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, ফাটলগুলো মেরামতযোগ্য। বর্তমানে ভবনটি যে অবস্থায় আছে তা ঝুঁকিপূর্ণ নয় এবং সম্পূর্ণভাবে বসবাসের উপযোগী।
জানতে চাইলে দেওয়ান মো. হানজালা প্রথম আলোকে বলেন, যে কাঠামোয় ভবনটি নির্মিত হয়েছে, তাতে দেয়ালে ফাটল বড় সমস্যা নয়। কারণ, এখানে মূল বিষয় হলো বিম। সেই বিমে কোনো ক্ষতি হয়নি।
প্রতিবেদনে ফাটলের কারণ উল্লেখ না থাকলেও দেওয়ান মো. হানজালা বলেন, ভূমিকম্পের কারণেই এই ফাটল হয়ে থাকতে পারে।
অবশ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমিকম্পের পরপরই যেহেতু এ ফাটলের ঘটনা ঘটল, তাই অবশ্যই একজন কাঠামো বিশেষজ্ঞ দিয়ে হলটি পরীক্ষা করে দেখা দরকার। বিভিন্ন কারণে ফাটল দেখা দিতে পারে।
প্রায় ২৮ কোটি ব্যয়ে নির্মিত এই হল ২০১৩ সালের সেপ্টেম্বরে চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই হল নির্মাণ করা হয়েছে।
হলটি উদ্বোধনের মাত্র ১৯ মাসের মাথায় এমন ফাটল দেখা দেওয়ায় ছাত্রীদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। এর নির্মাণকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন কলেজের ছাত্রী ও শিক্ষকদের কেউ কেউ। এ ছাড়া হলটি এক হাজার শয্যাবিশিষ্ট হলেও এখানে তারও বেশি শিক্ষার্থী বাস করছেন বলে একজন ছাত্রী প্রথম আলোর কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলী বলেন, বেশি ছাত্রী থাকেন, এটি একটি বাস্তবতা। বিভিন্ন হলেই বেশি শিক্ষার্থী থাকেন।