মূল গাছের গোড়ায় বাড়তি গাছ, দুশ্চিন্তায় ভুট্টাচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন সাহেব আলী। এরই মধ্যে গাছগুলো এক-দেড় ফুট লম্বা হয়েছে। কিন্তু অধিকাংশ গাছের গোড়া থেকে বেরিয়েছে তিন-চারটি গাছ। এতে মূল গাছটি দুর্বল হয়ে পড়ছে। ফলে ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের এই চাষি। তাঁর মতো অবস্থা বলরামপুর ও পাশের গ্রাম মুরুটিয়ার অনেক ভুট্টাচাষির।
কৃষকেরা বলছেন, একটা ভুট্টাবীজ থেকে একটা গাছ হয়ে থাকে। কিন্তু এবার অনেক ভুট্টাখেতে মূল গাছের পাশ থেকে বাড়তি গাছ বেরিয়েছে, যাকে কৃষি বিভাগের লোকজন বলছেন ‘সাকার’ বা ‘কুশি’। সেগুলো ভেঙে দিলেও আবারও বের হচ্ছে। এতে
এবার ভুট্টার ফলন আশানুরূপ হবে না।
তবে ঝিনাইদহ জেলা কৃষি বিভাগের উপপরিচালক শেখ আকরামুল হক প্রথম আলোকে বলেন, তিনি ওই এলাকার ভুট্টাখেত পরিদর্শন করেছেন। কৃষকদের মূল গাছ রেখে পাশের গাছগুলো ভেঙে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, এতে ফলনের খুব একটা ক্ষতি হবে না।
দুই গ্রামের একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, অক্টোবর মাসের দিকে ভুট্টা চাষ শুরু হয়। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফসল ঘরে ওঠে। এক বিঘা জমিতে ভুট্টা চাষে ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়। পাওয়া যায় ৪০ মণ পর্যন্ত ভুট্টা, যা ৪৫০-৫০০ টাকা মণ দরে বিক্রি করা হয়। কিন্তু এবার সিনজেনটা কোম্পানির সানশাইন বীজ যাঁরা ব্যবহার করেছেন, তাঁদের প্রায় সবার এই অবস্থা।
বলরামপুর গ্রামের কৃষক সাহেব আলী বলেন, তিনি গত বছরের মতো এবারও সানশাইন ভুট্টার চাষ করেন। কিন্তু ৮-১০ দিন আগে ভুট্টাখেতে গিয়ে দেখেন, সব গাছের গোড়া থেকে একাধিক গাছ বেরিয়েছে। চিন্তিত হয়ে ছুটে যান কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে। তাঁদের পরামর্শে কুশিগুলো ভেঙে দেন। কিন্তু পাশ থেকে আবার তা বেরোচ্ছে। সাহেব আলী জানান, এই গ্রামের ১৭ জন সানশাইন জাতের ভুট্টা চাষ করেছেন। ১০ জনের খেতে সমস্যাটা ধরা পড়েছে। বাকি সাতজনের খেতের গাছগুলো সবে বড় হচ্ছে।
পাশের মুরুটিয়া গ্রামের ১৫ কৃষক সানশাইন জাতের ভুট্টা চাষ করেছেন। তাঁদের অনেকের খেতে একই সমস্যা দেখা দিয়েছে।
এই গ্রামের কৃষক রোস্তম আলী বলেন, তিনি ও তাঁর ভাই রিপন আলী মিলে সাড়ে তিন বিঘা জমিতে সানশাইন জাতের ভুট্টার চাষ করেছেন। খেতের গাছও ভালো হয়েছে। কিন্তু মূল গাছের গোড়া থেকে একাধিক গাছ বেরোনোর বিষয়টি তাঁদের ভাবিয়ে তুলেছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানির লোকজনকে তাঁরা বলেছেন। মাঝে কোম্পানির লোকজন এবং কৃষি বিভাগের কর্মকর্তারা পরিদর্শনে এসেছিলেনও। কিন্তু তাঁরা ভালো কোনো পরামর্শ দিতে পারেননি।
সিনজেনটার কোটচাঁদপুর অঞ্চলের কর্মকর্তা মহাসিন আলী প্রথম আলোকে বলেন, শুধু তাঁদের কোম্পানির নয়, অন্য কোম্পানির বীজেও এমনটা হয়েছে। এটা আবহাওয়ার সমস্যার কারণে হতে পারে। তিনি বলেন, কোম্পানি কৃষকদের বাড়তি গাছগুলো নষ্ট করে ফেলতে বলেছে। এরপরও ফলন কম হলে, তারা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।