মূল দুই আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষক মো. ছালাউদ্দিন হত্যা মামলার মূল দুই আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান খান। এ ছাড়া আসামিরা মামলা তুলে নিতে নিহত ব্যক্তির পরিবারকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার নিহত ব্যক্তির ভাই মো. মহিউদ্দিন মোল্লা প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন। তিনি মামলার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
ছালাউদ্দিনের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তরফ্যাশন মোল্লাবাড়ির ছেলে ছালাউদ্দিন। গত বছরের ১৭ মে বিকেলে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া থেকে মাছ ধরার ট্রলার ‘এমভি সীতারাম’-এ করে ছালাউদ্দিনকে সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে ট্রলারের মালিক মো. ফজলুর রহমান মাতব্বর, মালিকের শ্যালক ট্রলারের মাঝি (চালক) পঙ্কজ দাস, মালিকের ছোট ভাই মো. ছায়েদ, গজারিয়ার মৎস্য আড়তদার কবির দালাল, ট্রলারের মাল্লা স্বপন, মো. ছাদেক, মো. আলমগীর, মো. মোস্তফা, মো. সবুজ, আবদুর রব, মো. মনির, মো. ইসমাঈল, মো. ফারুক, মো. হারুন, মো. হারিছ ও বশার আলী জড়িত।
মহিউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে প্রতিবেশী আবদুল গনির জমিজমা নিয়ে বিরোধ ছিল। তিনি (গনি) বারবার প্রতিশোধ নেওয়ার হুমকি দিতেন। ছালাউদ্দিন হত্যার আসামিরা আবদুল গনির আত্মীয়স্বজন। তাঁরা পরিকল্পিতভাবে ছালাউদ্দিনকে হত্যা করেছেন।
নিহত ব্যক্তির ভাই মো. ফিরোজ মোল্লা গত বছরের ২২ মে থানায় ওই ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা মো. শাজাহান খান মামলার প্রধান আসামি মো. ফজলুর রহমান মাতব্বর ও পঙ্কজ দাসকে বাদ দিয়ে গত ৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। হত্যার কারণ হিসেবে তিনি ‘খাবার বেশি খাওয়া নিয়ে মাঝি-মাল্লার বিরোধ-সংঘাত’ উল্লেখ করেছেন। তদন্ত কর্মকর্তা আসামিদের কথায় প্রভাবিত হয়ে হত্যার পরিকল্পনাকারী ও প্রধান হত্যাকারীকে অভিযোগপত্র থেকে বাদ দিয়েছেন বলে অভিযোগ করেন মহিউদ্দিন। তিনি বলেন, ‘আমরা গরিব-অসহায় হওয়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আসামিরা মামলা তুলে সমঝোতায় বসতে বলছেন। আমরা আদালতের কাছে ঘটনার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।’
তবে অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাজাহান খান মুঠোফোনে গত সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি সঠিক তদন্ত করে অভিযোগপত্র জমা দিয়েছেন। বাদীপক্ষ মিথ্যা অভিযোগ দিচ্ছে।
গজারিয়া খালগোড়ায় গিয়ে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বাদ পড়া আসামি ফজলুর রহমান মাতব্বর পশ্চিম চর উমেদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি পালিয়ে ভারতে চলে যান। সেখানে এক হিন্দু মেয়েকে বিয়ে করেন ও মাছ ধরার ট্রলার এমভি সীতারাম পান। ফজলুর ও তাঁর শ্যালক পঙ্কজের বিরুদ্ধে ট্রলার নিয়ে একাধিক আইনবিরোধী কাজ করায় বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ফজলুর রহমান মাতব্বর বলেন, যেদিন হত্যার ঘটনা ঘটে, সেদিন তিনি ভোলায় ছিলেন না। পটুয়াখালীর গলাচিপায় তাঁর ট্রলারের মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন। তদন্ত কর্মকর্তা ঘটনার প্রকৃত অবস্থা জেনে অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দিয়েছেন। তিনি মামলা তুলে নিতে প্রভাব বিস্তার করছেন না বলে দাবি করেন।
পঙ্কজ ভারতের নাগরিক। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহের চেষ্টা করেও পাওয়া যায়নি।