মূল পরিকল্পনা ও ষড়যন্ত্র শনাক্তের দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় নাগরিক হত্যা
ইতালীয় নাগরিক হত্যা

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ‘মূল পরিকল্পনা ও ষড়যন্ত্র’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তবে তিনি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় ও ঠিকানা প্রকাশ করেননি। তিনি বলেছেন, হত্যাকারীরা শনাক্ত হয়েছেন।
এদিকে সিজার হত্যায় জড়িত থাকার সন্দেহে তদন্তকারী কর্মকর্তারা যে তিনজনকে শনাক্ত করেছেন, তাঁদের একজনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বৈদ্যুতিক মিস্ত্রি ও মুঠোফোন মেরামতকারী তামজিদ আহমেদ ওরফে রুবেল (২৯)। তিনি নগরীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় থাকেন। গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া।
গতকাল রোববার ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে দুর্গাপূজা ও আশুরার নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত ডিএমপির কমিশনারের সংবাদ সম্মেলনেও উঠে আসে সিজার হত্যার বিষয়টি। কমিশনার আছাদুজ্জামান মিয়া এ প্রসঙ্গে বলেন, তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সময় হলে আরও জানতে পারবেন। তিনি বলেন, ‘সিজার তাবেলা হত্যার রহস্য শুধু উন্মোচিত হবে না, এর পেছনে কারা আছে, কাদের পরিকল্পিত ষড়যন্ত্রে এই হত্যাকাণ্ড ঘটেছে, আমরা এটা তুলে ধরতে পারব।’
কত দিনে রহস্য উদ্ঘাটিত হবে জানতে চাইলে ডিএমপির কমিশনার বলেন, সময়সীমা বেঁধে দিয়ে কখনো তদন্ত হয় না। কোনো তদন্তে সাত মিনিট আবার কোনো ক্ষেত্রে সাত দিন, সাত মাস বা বছরও লাগতে পারে। সময় দিতে হবে। এ মামলার তদন্তে সর্বোচ্চ প্রতিভাবান কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দুটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে।
রাজনৈতিক মহল থেকে এ মামলায় হয়রানির অভিযোগ প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশ একটি পেশাদার বাহিনী। তথ্য-প্রমাণের ওপর নির্ভর করে কাজ করে পুলিশ। কাউকে হয়রানি করার প্রশ্নই ওঠে না। আপনারা আমাদের ওপরে আস্থা রাখুন।’ পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, সে বিষয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই শনাক্ত করতে পেরেছি। শুধু সাক্ষ্য-প্রমাণের অপেক্ষায় রয়েছি।’ তিনি আবারও বলেন, এখন পর্যন্ত তদন্তে যে তথ্য-প্রমাণ মিলেছে তাতে এর সঙ্গে জঙ্গিদের ন্যূনতম সংশ্লিষ্টতার তথ্য মেলেনি। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়।
সিজার তাবেলা হত্যায় জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত তিন ব্যক্তিকে শনাক্ত করেছেন তদন্তকারী কর্মকর্তারা। তাঁদের মধ্যে দুজনের নাম মো. রাসেল। অন্যজনের নাম তামজিদ আহমেদ ওরফে রুবেল। গতকাল দুপুরে মধ্যবাড্ডার গুদারাঘাটে তামজিদের মামা তৌহিদ মিয়ার বাসায় গেলে তিনি প্রথম আলোকে বলেন, সাত দিন ধরে তামজিদ নিখোঁজ। তামজিদ মুঠোফোন মেরামতের পাশাপাশি বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। মধ্যবাড্ডার হোসেন মার্কেটে তাঁর মুঠোফোন মেরামতের দোকান আছে। গত সোমবার তিনি সেখান থেকে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর তাঁর দুটি মোবাইল ফোনের একটি বাসায় রেখে বাইরে যান। বাসায় না ফেরায় রাতে তামজিদের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। তামজিদের বন্ধুসহ স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁর সন্ধান পাননি তাঁরা।
তৌহিদ মিয়া বলেন, তামজিদের চার বছর বয়সে তাঁর বাবা হারিসুর রহমান মারা যান। এরপর মামার বাসায় থাকতেন তিনি। তৌহিদ মিয়া বলেন, তামজিদ কোথায় আছেন, বেঁচে আছেন কি না, তা জানেন না তাঁরা। তিনি বলেন, তামজিদ কোনো রাজনীতি করেন না। তাঁর বিরুদ্ধে কোনো থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) নেই।
তামজিদের মা শিরিনাজ বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘ফরিদপুরে গেছিলাম, সেখান থেকে মঙ্গলবার আইসা আর পাইনি, আমার ছেলে জীবনে কোনো দিন কারও লগে মারামারি করেনি। কই গেল আমার ছেলে, ও কি বেঁচে আছে?’
গতকাল সকালে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি তামিজদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের পালপাড়ায় যান। সেখানে আবদুর রউফ নামের এক ব্যক্তি পুরোনো একটি টিনের ঘর দেখিয়ে বলেন, তামজিদের বাবা মারা যাওয়ার পর তামজিদ ও তার মা ঢাকার বাড্ডায় থাকেন। এখন এই ঘরটি তিনি দেখাশোনা করেন। তিন-চার বছর আগে তামজিদ একবার এসেছিলেন।