কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চরপাড়া এলাকার আলোচিত কালা মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এনামুল হক ওরফে এনামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, ১৯৯২ সালের ২৭ মে নিজ ঘরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী কাঞ্চনা বিবির হাতে খুন হন কালা মিয়া। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা ফকির মোহাম্মদ বাদী হয়ে চকরিয়া থানায় কাঞ্চনা বিবি ও মূল পরিকল্পনাকারী এনামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ২০০৩ সালে ওই মামলার দীর্ঘ শুনানি শেষে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই পাঁচজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই মামলার প্রধান আসামি কাঞ্চনা বিবি জেলহাজতে থাকলেও অন্য তিনজন এখনো পলাতক রয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, কালা মিয়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন এনামুল হক। দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর গতকাল ভোরে পুলিশের হাতে ধরা পড়েন। গতকালই তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।