থাইল্যান্ডের একটি মন্দিরে গত মাসে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী ঘটনার আগের দিন বাংলাদেশে পালিয়ে যায়। এ জন্য চীনা পাসপোর্ট ব্যবহার করেছে সে। গতকাল বুধবার এমনটাই দাবি করে ইন্টারপোলের সহায়তায় তাঁকে খুঁজে পেতে বাংলাদেশের সাহায্য কামনা করেছে থাই পুলিশ। অবশ্য বাংলাদেশের পুলিশ বলেছে, এমন কিছু তাদের জানা নেই। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ইরাওয়ান মন্দিরে গত ১৭ আগস্ট ওই হামলার ঘটনা ঘটে। এতে ১৪ জন বিদেশি পর্যটকসহ ২০ জন নিহত হয়।
দেশটির পুলিশ বলেছে, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই বিদেশির একজন জিজ্ঞাসাবাদে হামলাকারীকে বিস্ফোরকভর্তি ব্যাগ দেওয়ার কথা স্বীকার করেছে। পাশাপাশি সে হামলার মূল পরিকল্পনাকারীর নামও বলেছে।
থাই পুলিশ বলেছে, এখন তাদের মূল লক্ষ্য ওই মূল পরিকল্পনাকারীকে বের করা। জিজ্ঞাসাবাদে ওই বিদেশি পুলিশকে বলেছে, ‘আইজান’ নামের এক ব্যক্তি হামলার ঘটনায় মূল ভূমিকা রেখেছে। ব্যাংককে একটি বৈঠকে সে-ই সংশ্লিষ্ট অন্যদের দায়িত্ব বণ্টন করে দেয়। তবে হামলার আগের দিন আইজান বাংলাদেশে চলে যায়। এ জন্য সে চীনা পাসপোর্ট ব্যবহার করে।
থাই পুলিশের উপপ্রধান চাখথিপ চাইজিন্দা বলেন, আবু দুস্তার আবদুর রহমান ওরফে ‘আইজান’ নামের সন্দেহভাজন ওই মূল পরিকল্পক গত ১৬ আগস্ট বাংলাদেশে চলে যায়। তার এ অবস্থানের বিষয়টি তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে। থাই পুলিশ এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করবে।
দ্য নেশন পত্রিকার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বলা হয়, পুলিশ উপপ্রধান চাখথিপ বলেছেন, আইজানের ব্যাপারে জানতে পারা সাম্প্রতিকতম তথ্য বাংলাদেশকে অবগত করতে এরই মধ্যে ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে।
চাখথিপ আরও বলেন ‘আইজান নামের লোকটি এই (হামলায় জড়িত) নেটওয়ার্কের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। অবশ্য এটা তার আসল নাম কি না, তা আমি জানি না। তার জাতীয়তাও আমি জানি না।...শুধু এটুকুই বলব, সবার আগে যাদের ধরতে হবে, আইজান তাদের অন্যতম।’
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তিনি এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নন।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ঢাকা কার্যালয়ের দায়িত্বরত সহকারী মহাপরিদর্শক (এআইজি-এনসিবি) মাহাবুবুর রহমান ভূঁইয়াকে গত রাতে এ ব্যাপারে জানতে ফোন করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ। ছুটিতে আছি।’
পরে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) নজরুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের এআইজি অসুস্থ থাকায় একেবারে সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে নেই। তবে ইন্টারপোল থেকে অতীতে যখনই কোনো সহায়তা আমাদের কাছে চাওয়া হয়েছে, আমরা করেছি। এবারও তার ব্যত্যয় হবে না।’