গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গজারি বন থেকে উদ্ধার করা ১৩ হাজার ৫৮২টি তাজা গুলি ও বিস্ফোরক দ্রব্য কোথা থেকে এল বা কারা এর সঙ্গে জড়িত, তার কোনো কিছুই গতকাল মঙ্গলবার পর্যন্ত র্যাব বা পুলিশ উদ্ঘাটন করতে পারেনি।গুলি ও বিস্ফোরক দ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত করে যাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে ওই ঘটনার পর থেকে এলাকাবাসী এখনো আতঙ্কের মধ্যে রয়েছে।পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, ওই এলাকা থেকে বিপুল পরিমাণ গুলি-বিস্ফোরক উদ্ধারের পর সব মহলে প্রশ্ন জাগে, এত গুলি-বিস্ফোরক এল কোথায় থেকে? র্যাব-১-এর সদস্যরা সাংবাদিকদের জানান, শিগগিরই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।কিন্তু গত ২৮ জুলাই গুলি-বিস্ফোরক উদ্ধারের পর ১৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ বা র্যাবের সদস্যরা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। তবে র্যাব কর্মকর্তারা জানান, তাঁদের গোয়েন্দা সংস্থা ও সরকারি গোয়েন্দা সংস্থা এখনো ওই ঘটনার মূল্য রহস্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদেরই গ্রেপ্তার করা হবে।অন্যদিকে গুলি-বিস্ফোরক উদ্ধারের পর থেকে এখনো উপজেলার নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চাপাইর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, গুলি-বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পর থেকে ওই এলাকাসহ আশপাশের এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হচ্ছে না। এ ছাড়া কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কেও সন্ধ্যার পর যানবাহনের চলাচল কমে গেছে।র্যাব-১-এর উপপরিচালক মেজর নিশাদুল ইসলাম খান বলেন, কারা কী কারণে ওই সব গুলি ও বিস্ফোরক দ্রব্য রেখেছিল, তা এখনো জানা সম্ভব হয়নি। তবে ওই ঘটনায় এখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ওই এলাকায় রাতের বেলায় থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এ ছাড়া গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ ওই এলাকাসহ আশপাশের এলাকায় নিয়মিত টহলে রাখছে।উল্লেখ্য, র্যাব-১-এর সদস্যরা কালিয়াকৈর থানা পুলিশের সহায়তায় উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি গজারি বনে মাটির নিচ থেকে রাইফেল ও এসএমজির ১৩ হাজার ৫৮২টি তাজা গুলি, একটি ট্রাংকভর্তি উচ্চক্ষমতাসম্পন্ন ১৩ কেজি বিস্ফোরক, ১০টি ডেটোনেটর, ১৩৫ ফিট রেকডেক্স (সেফটি ফিউজ), ১৭টি আইসি ও ১২টি ব্যাটারি কানেক্টর উদ্ধার করেন।