মূল হোতাদের বিচার চায় নিহত জঙ্গিদের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে ওই ঘটনায় জড়িত ও নিহত ঢাকার তিন তরুণের পরিবার।
গুলশান হামলার এক মাসের প্রাক্কালে নিহত তিন জঙ্গির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রথম আলোকে ক্ষমা চাওয়ার কথা বলেছে।
পরিবারগুলো বলছে, তাদের ছেলে নিখোঁজ হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিচিতজনদের দ্বারে দ্বারে ঘুরেছে ছেলের সন্ধান পেতে। কিন্তু তারা দুর্ধর্ষ জঙ্গি হিসেবে আবির্ভূত হবে—এটা মা-বাবারা কল্পনাও করেননি। এই তরুণদের যারা বিপথগামী করেছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি করেছেন পরিবারের সদস্যরা।
চিরকুটে নিবরাসের শেষ কথা: হলি আর্টিজানে হামলায় জড়িত ও নিহত জঙ্গিদের একজন নিবরাস ইসলামের আচরণে একটা পরিবর্তন ও অস্থিরতা দেখেছিল পরিবার। সেটা চলতি বছরের জানুয়ারির কথা। নিবরাস বাড়ির লোকজনকে এড়িয়ে চলছিলেন। এরপর ৩ ফেব্রুয়ারি বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হন। যাওয়ার আগে মা-বাবার উদ্দেশে একটি চিরকুট রেখে যান বাসায়।
চিরকুটে নিবরাস লিখেছেন, ‘মাফ করে দিয়ো। গত এক মাস আমি তোমাদের কষ্ট দিয়েছি। আমি দুঃখিত। বাইরে বাইরে থেকেছি। তোমাদের সঙ্গে কথা বলিনি। তোমাদের সঙ্গে থাকলে আমাকে যেখানে যেতে হবে, সেখানে আর যেতে পারব না।’
তাঁর বাবা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফুটবলপাগল ছেলের এই পরিণতি হবে, কখনো ভাবতেও পারেননি। তিনি বলেন, ‘আমি ব্যবসায়ী। কিন্তু যত কাজই থাকুক আমি প্রতিদিন নিবরাসকে নিয়ে মাঠে ফুটবল খেলতাম। ফুটবলে আমাদের এই বাপ-বেটা জুটি এলাকার সবার কাছে পরিচিত ছিল। এখন এসব বলে আর কী হবে।’
নিবরাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত বছর সাবেক একজন ফুটবলারের ছেলে নিখোঁজ হলে তখন নিবরাসকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল একটি গোয়েন্দা সংস্থা। ওই ফুটবলারের ছেলে ছিলেন মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে নিবরাসের সহপাঠী। নিবরাস তখন থেকে গোয়েন্দা সংস্থাটির নজরদারিতে ছিলেন এবং তা এখন জানতে পারছে বলে ওই সূত্রটি দাবি করছে।
পরিবারের সূত্রগুলো বলছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পড়ার পর ২০১২ সালে নিবরাস মালয়েশিয়ার মোনাশে পড়তে যান। গত বছরের মাঝামাঝি হঠাৎ দেশে ফিরে আসেন। কিন্তু কার ডাকে, কেন নিবরাস দেশে ফিরে এলেন, সেটা এখনো রহস্য পরিবারের কাছে।
মোবাশ্বেরের বাবার জিজ্ঞাসা: মীর সামেহ মোবাশ্বের নিখোঁজ হওয়ার মাস খানেক পর আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি সংস্থার কর্মকর্তারা বাসা থেকে মোবাশ্বেরের কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। মাস খানেক পর কর্মকর্তারা জানান, মোবাশ্বের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন। তিনি বিদেশে চলে গেছেন। এর তিন মাসের মাথায় ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলার পর পরিবার জানতে পারল, তাদের সদ্য কৈশোরোত্তীর্ণ ছেলে গুলি করে ও কুপিয়ে মানুষ হত্যা করেছেন।
টেলিকম কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হায়াৎ কবীর এখন কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন। সাড়ে ১৮ বছরের ছেলেটিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে কত দিন সময় নিয়েছে জঙ্গিরা? স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল—এই ছিল মোবাশ্বেরের গণ্ডি, ওকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে কোন জায়গাটা বেছে নেওয়া হয়েছিল? নিরুদ্দেশ হয়ে চার মাস কোথায় ছিল? কেন কেউ তাকে খুঁজে পেল না?
হায়াৎ কবীর প্রথম আলোকে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি কোচিংয়ে যাওয়ার কথা বলে ঢাকার বনানীর বাসা থেকে বের হয় আর ফেরেনি মোবাশ্বের। এরপর তিনি গুলশান থানায় জিডি করেন। শুরুতে পুলিশ ভেবেছিল, মোবাশ্বের ফিরে আসবে। কিন্তু কয়েক দিনের মধ্যে আরও চারটি ছেলে নিখোঁজ হয়। এরপর তাদের বাসায় সরকারি সংস্থার কর্মকর্তাদের আনাগোনা বাড়তে থাকে।
মোবাশ্বের স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল পাস করার পর এ লেভেলের প্রস্তুতি নিচ্ছিলেন। বাবা হায়াৎ কবীর বলছিলেন, ‘ও লেভেল এক ধাক্কায় পাস করায় আমরা খুশি ছিলাম। ছোটবেলা থেকেই সে বুদ্ধির দিক থেকে সমবয়সী অন্যদের তুলনায় পিছিয়ে ছিল।’ তিনি বলেন, ‘ছেলে নিয়মিত নামাজ পড়ত। তবে বাড়ির কারও সঙ্গে ধর্ম নিয়ে কোনো আলোচনা করত না। বাড়ি ছাড়ার আগে তাকে খুব অস্থির দেখাচ্ছিল।’
কূল পাচ্ছে না রোহানের পরিবার: গত বছরের ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন রোহান ইবনে ইমতিয়াজ। তখন তাঁর বাবা-মা চিকিৎসার জন্য কলকাতায় ছিলেন। রাতে তাঁর দুই বোন একটি দাওয়াত থেকে ফিরে দেখেন ভাই বাড়িতে নেই।
রোহানের বাবা ইমতিয়াজ খান প্রথম আলোকে বলেন, ছেলের খোঁজে তিনি পুলিশ, র্যা বসহ যেখানে যত পরিচিত আছে, সবার সঙ্গে কথা বলেন। সব জায়গায় ছবি দেন। কিন্তু ছেলের খোঁজ পাননি।
রোহান জঙ্গিবাদের দিকে ঝুঁকছেন, তাঁর আচার-আচরণে কোনো পরিবর্তন দেখেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইমতিয়াজ খান বলেন, ‘পঞ্চম শ্রেণি থেকেই রোহান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। কিন্তু অন্য ধরনের কোনো কিছু তাঁরা ভাবতেও পারেননি। আচরণগত পরিবর্তনও চোখে পড়েনি। কীভাবে রোহান জঙ্গিগোষ্ঠীতে জড়াল, তা ভেবে কূলকিনারা করতে পারছেন না।’
গুলশান হামলায় জড়িত অপর দুজন—খায়রুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়ি বগুড়ায়। তাঁরা লেখাপড়া করেছেন মাদ্রাসায়। তাঁদের দুই পরিবারের বক্তব্য এর আগে প্রথম আলোতে ছাপা হয়েছে। তাতে তাঁরা বলেছিলেন, দুজনই ছয় মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ-বিচ্ছিন্ন ছিলেন।
তিন বছর ধরে অচেনা অর্ক: শেহজাদ রউফ অর্কের বাবা তৌহিদ রউফ আন্তর্জাতিক একটি অস্ত্র উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের এদেশীয় প্রতিনিধি। সেনাবাহিনী, র্যা ব ও পুলিশের সঙ্গে তাঁর দুই যুগের পুরোনো ব্যবসা।
তৌহিদ রউফ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি অর্ক নিখোঁজ হয়। এরপর এমন কোনো বাহিনী নেই, যেখানে যাইনি। আমার সুযোগ ছিল। সব চেষ্টা করেছি। কিন্তু ছেলেকে পেলাম না।’
৬ ফেব্রুয়ারি ভাটারা থানায় তৌহিদ ছেলের ছবিসহ নিখোঁজ জিডি করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনী ও সংস্থার কর্মকর্তারা তাঁকে ধারণা দিয়েছিলেন, শেহজাদ কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে বিদেশ চলে গেছেন। তিনিও তা বিশ্বাস করেছিলেন। এরপর ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের লাশের ছবি দেখে জানতে পারলেন তাঁর ছেলেও নিহত নয়জনের একজন।
মার্কিন নাগরিক শেহজাদ অর্ক (২৪) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ব্যবসায় প্রশাসনে স্নাতক পাস করার পর এ বছরই এমবিএ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল।
ছেলের মধ্যে কোনো পরিবর্তন চোখে পড়েছিল কি না, জানতে চাইলে বাবা তৌহিদ রউফ প্রথম আলোকে বলেন, ‘অর্ক হঠাৎ নামাজ পড়তে শুরু করেছিল। এটাকে কি পরিবর্তন বলব? ও যখন স্কুলে পড়ে তখন ওর মা মারা যায়। শুক্রবার দিন আমাকে ডেকে তুলে মায়ের কবরে দোয়া করতে যেতে চাইত। ছেলে নামাজ পড়ছে, আমি পড়ছি না, এটা ভেবে অপরাধবোধে ভুগতাম।’
তৌহিদ রউফের ধারণা, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর বছর তিনেক আগে থেকে তাঁর ছেলে জঙ্গিগোষ্ঠীর খপ্পরে পড়েছিল। তিনি বলেন, ছেলের আচরণগত পরিবর্তন দেখে তাঁর সন্দেহ হচ্ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা আছে। তিনি তখন বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিচিতজনদের জানিয়েছিলেন।
তৌহিদ রউফের একমাত্র ছেলে অর্ক। মা ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী। অর্ক ঘরোয়া আসরে অঞ্জন দত্তের গান গাইতেন। একটা সময় ছেলের ড্রামের শব্দে অস্থির হয়ে যেতেন বাবা-মা। সেই ছেলের এমন পরিণতি কিছুতেই মানতে পারছেন না বাবা।