পার্বত্য চট্টগ্রামের হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণকারীদের শনাক্ত না করে এবং তাদের রক্ষা করতেই ষড়যন্ত্র করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে মূল হোতারা ধরাছেঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই অভিযোগ এনে কল্পনা চাকমার অপহরণ ঘটনায় চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের জোর দাবি জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। সমাবেশে সংগঠনগুলো কল্পনা চাকমা অপহরণসংক্রান্ত ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে হিল উইমেন্স ফেডারেশন, ইউপিডিএফ-সমর্থিত শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে কল্পনা অপহূত হন।বিক্ষোভকারীরা চট্টগ্রাম নগরের বিপণিবিতান (নিউমার্কেট) মোড় থেকে মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে মিলিত হন। সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো মারমার সভাপতিত্বে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রীনা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-আহ্বায়ক জুপিটার চাকমা প্রমুখ।