চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ফ্লাইওভার ট্র্যাজেডির ঘটনায় দায়ের হওয়া মামলায় মূল হোতাদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় আদালতে নারাজি আবেদন করবে রাষ্ট্রপক্ষ। মামলার এজাহারভুক্ত ২৫ আসামির মধ্যে শুধু আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করায় এ নারাজি দেওয়া হবে।
এদিকে গতকাল মঙ্গলবার আট আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ নারাজি আবেদন দাখিল করার জন্য সময় চেয়ে আবেদন করে। পরে আদালত আগামী ১৫ মে পরবর্তী দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বলেন, মূল হোতাদের শনাক্ত না করে দায়সারাভাবে আট কর্মচারীকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। এ কারণে আবার তদন্তের জন্য নারাজি আবেদন করা হবে আদালতে। মামলার এজাহারে ২৫ জনের নাম উল্লেখ থাকলেও পুলিশ শুধু আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।
পিপি আরও বলেন, ‘রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মতামত নেওয়ার নিয়ম থাকলেও তদন্তকারী কর্মকর্তা আমার কোনো মতামত নেননি। মতামত নিতে এলে আমি এ অভিযোগপত্রের সঙ্গে একমত পোষণ না করে মূল হোতাদের শনাক্ত করতে বলতাম।’
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা করেন।
২০১৩ সালের ২৪ অক্টোবর চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য পাঠান মহানগর দায়রা জজ আদালতে।
অভিযুক্ত ওই আট ব্যক্তি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের তৎকালীন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী ও রফিকুল ইসলাম।
এজাহারভুক্ত আসামি প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমান, আবদুর রাজ্জাক, এম এ মতিন, তানজিব হোসেন, সালাউদ্দিন আহমেদ চৌধুরী, হোসাইন আহমেদসহ আরও কয়েকজনের নাম অভিযোগপত্রে বাদ দেওয়া হয়েছে।