মূলধনের অভাবে আটকে গেছে 'দোয়েলের' যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়েল ব্যান্ডের লোগো
দোয়েল ব্যান্ডের লোগো

মূলধনের অভাবে আটকে গেছে দোয়েল ব্যান্ডের ল্যাপটপ বা নোটবুকের উৎপাদন ও বিপণন। দুই বছর আগে উদ্বোধনের পর টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি সাশ্রয়ী মূল্যের দোয়েল ল্যাপটপ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আর প্রকল্পকে এগিয়ে নিতে যথাযথ আর্থিক সহায়তা মেলেনি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
টেশিস সূত্রে জানা গেছে, দুই বছরে মাত্র ৩০ হাজারের মতো দোয়েল ল্যাপটপ বিক্রি হয়েছে। এর বেশির ভাগই কিনেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা। এ ছাড়া দুটি বিক্রয়কেন্দ্রে খুচরা বিক্রয় কার্যক্রম চলছে। একটি বিক্রয়কেন্দ্র ঢাকায় ও অন্যটি খুলনা শহরে অবস্থিত। কিন্তু যথাযথ প্রচারণা ও বিপণনের অভাবে এ সম্পর্কে ল্যাপটপ ব্যবহারকারীরা তেমন কিছু জানেন না।
টেশিসের উপমহাব্যবস্থাপক মফিজুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রচারণা ও বিপণন কার্যক্রম আমরা যথাযথভাবে করছি না মূলত মূলধনজনিত জটিলতায়। বাজারে এর যথেষ্ট চাহিদা রয়েছে। এ অবস্থায় প্রচারণা জোরদার করলে যে চাহিদা দেখা দেবে তার বিপরীতে ল্যাপটপ সরবরাহ করার মতো মূলধন আমাদের নেই।’
অবশ্য উদ্বোধনের কয়েক মাস পর উৎপাদন কার্যক্রম কিছুদিন স্থগিত রাখা হয়েছিল প্রযুক্তিগত ও ব্যবহারজনিত কিছু জটিলতার কারণে। তখন ব্যবহারকারীদের অভিযোগ ছিল লিনাক্স অপারেটিং সিস্টেমের কারণে এ ল্যাপটপে কেবল মুক্ত সফটওয়্যার ব্যবহার করা যায়। কিন্তু দেশের বেশির ভাগ ব্যবহারকারী মাইক্রোসফট অপারেটিং সফটওয়্যার ব্যবহার করে অভ্যস্ত। বেসিক মডেলের ল্যাপটপে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হতো। আর প্রাইমারি মডেলের ল্যাপটপে শুধু ওয়াইফাই ইন্টারনেট সংযোগের ব্যবস্থা ছিল বলে অভিযোগ ছিল।
শুরুতে কারিগরি ও উৎপাদনজনিত কিছু ত্রুটি থাকার কথা স্বীকার করে টেশিসের সহকারী মহাব্যবস্থাপক আলিমুজ্জামান বলেন, পরে ত্রুটি সারানো হয়। এখন আর প্রযুক্তিগত কোনো সমস্যা নেই।
ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০০৯ সালের জুনে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। এ জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন টেলিফোন শিল্প সংস্থার তত্ত্বাবধানে প্রাধমিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), মালয়েশিয়ার প্রতিষ্ঠান থিম ফিল্ম ট্রান্সমিশন ও বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ ও সাহায্যে কাজ শুরু হয়। গাজীপুরের টেশিস কারখানায় পরীক্ষামূলকভাবে এর উৎপাদন শুরু হয় ২০০৯ সালের ১০ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১১ অক্টোবর দেশীয় ব্র্যান্ড ‘দোয়েলের’ বিতরণ ও বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন।