মূলধনের অভাবে চামড়া ব্যবসায়ীরা বিপাকে
তিন দিন পরই ঈদুল আজহা। মূলধনের অভাবে খুলনার চামড়া ব্যবসায়ীরা এখনো চামড়া কেনার জন্য প্রস্তুতি নিতে পারেননি। ঢাকার চামড়া কারখানার মালিকদের কাছে বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকা এবং ব্যাংকঋণ না পাওয়ায় তাঁদের হাতে নগদ টাকা নেই। এ কারণে তাঁরা বিপাকে পড়েছেন।ব্যবসায়ীরা জানান, নগরের শেখপাড়া ও শেরেবাংলা রোড এবং রূপসা, ফুলতলা ও দৌলতপুর এলাকায় ৫৪টি চামড়া ব্যবসার প্রতিষ্ঠান আছে। প্রতিবছর ব্যবসায়ীরা ঈদের আগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ করে চামড়া কেনেন। চামড়া বিক্রি করে ঢাকার চামড়া কারখানা থেকে টাকা দিলে তাঁরা এই ঋণ পরিশোধ করেন। গত বছর তাঁরা ১২ কোটি থেকে ১৫ কোটি টাকার চামড়া ঢাকার কারখানামালিকদের কাছে বিক্রি করেন। এর মধ্যে প্রায় সাত কোটি টাকা তাঁদের কাছে আটকে আছে। এ কারণে তাঁরা বিপাকে পড়েছেন।চামড়া ব্যবসায়ী নিখিল রায় বলেন, ‘আমাদের টাকা ঢাকায় আটকে থাকায় পুঁজি কমে গেছে। তাই এবার চামড়া কেনায় খুব সমস্যা হবে। তা ছাড়া আমাদের কোনো নির্দিষ্ট বাজার নেই। এতে বেশ সমস্যা হচ্ছে।’খুলনা জেলা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় চামড়া কারখানার মালিকদের কাছে প্রায় সাত কোটি টাকা পাওনা আছে। ব্যাংকও আমাদের ঋণ দেয় না। এতে আমাদের অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে হচ্ছে। সব মিলিয়ে আমাদের এবার চামড়া কেনার প্রস্তুতির অবস্থা খুব খারাপ।’