মূলধারায় নারীকে সম্পৃক্ত করা না গেলে উন্নতি অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের কাছে পৌঁছতে প্রয়োজন রাজনীতির মূলধারায় নারী নেতৃত্ব। অর্থনীতির মূলধারায় নারীকে সম্পৃক্ত করা না গেলে দেশের উন্নতি অসম্ভব। আর অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অবদান এবং তাঁর সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য চাই রাজনৈতিক ক্ষমতায়ন। এসব নিশ্চিত করতে পুরুষদেরও এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এই অভিমত দেন। আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনে যৌথভাবে ‘বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ইউএসএআইডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকেএআইডি। আলোচনার স্লোগান ছিল ‘নারীর জয়ে সবার জয়’।
আলোচনায় অংশগ্রহণকারীরা নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে পরিবার, রাজনৈতিক দল-সহ সমাজের সব ক্ষেত্রে মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন। এ জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত শিক্ষার ক্ষেত্রে মেয়েশিশুকে এগিয়ে নিতে পুরুষের সহায়তা কামনা করা হয়।
সূচনা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তৃণমূল প্রকল্পের পরিচালক কেটি ক্রোকি ও ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক শায়লা খান। তাঁরা বলেন, নারী কী করতে পারে বা না পারে তা আর আলোচনার বিষয় নয়। এখন নারীকে ক্ষমতায়িত করে কীভাবে দেশের উন্নয়নের সূচক এগিয়ে নেওয়া যায় সেদিকে নজর দিতে হবে।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলে নারীর ক্ষমতা-য়নের জন্য অন্তত ৩৩ শতাংশ নারী সদস্যের পদ থাকার কথা। বড় তিনটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তিনি বলেন, এর কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা দলের লোকদেরই মনে হয় জানা নেই।
আলোচনার ‘সাফল্য ও পরামর্শ’ পর্বে নিজেদের সমস্যা ও সাফল্যের বিবরণের পাশাপাশি সুপারিশ তুলে ধরেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চেয়ারম্যান মাহফুজা বেগম।
রওশন এরশাদ বলেন, বেগম রোকেয়া নারীমুক্তি আন্দোলন শুরু করার শতবর্ষ পরেও আন্দোলন চলছে। লিঙ্গবৈষম্য অনেকটা কমে গেলেও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভাবা উচিত, নারী শুধু নারী নয়, সবার আগে সে আত্মশক্তিতে বলীয়ান মানুষ।’
‘ভবিষ্যতের দিকনির্দেশনা’ পর্বে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব দীপু মনি।
মেহের আফরোজ বলেন, নারীর প্রতি সহিংসতার অবসান করতে হলে অবশ্যই পুরুষদের মনোভাবের পরিবর্তন করতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়েও নারীদের পেছনে ঠেলে দেওয়া হয়।
মসিউর রহমান বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নারীর অবদান ভেবে দেখা উচিত। নারীনেত্রীদের হাত ধরেই কয়েক দফা গণতন্ত্র ফিরে এসেছে।