মূলধারায় ফিরলেন মেয়র পক্ষের প্রধান নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মনিরুল হক (সাক্কু) পক্ষের প্রধান নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক দলের মূলধারায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি আয়োজিত প্রতীকী অনশনে তিনি উপস্থিত হন। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে নগরের কান্দিরপাড়ের টাউন হল মুক্তমঞ্চে ওই প্রতীকী অনশন হয়। দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, ২০০৯ সাল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। এক পক্ষে রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন। অপর পক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক। চার বছর ধরে দুটি পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। এতে মেয়রের পক্ষের প্রধান নেতা ছিলেন ফজলুল হক। গতকাল দুপুর ১২টায় হঠাৎ করেই ফজলুল হক নগরের কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতীকী অনশনে যোগ দেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা ‘ফজলু (ফজলুল হক) ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘জেলের তালা ভেঙেছি, ফজলু ভাইকে এনেছি’ স্লোগান দিয়ে মুক্তমঞ্চ মুখর করে তোলেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে ১৫টি ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপিদলীয় সাবেক সাংসদ আনোয়ারুল আজিম, নবম জাতীয় সংসদ নির্বাচনে নাঙ্গলকোটে বিএনপির পরাজিত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া, শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আনোয়ারুল আজিম বলেন, ‘জেলা বিএনপির কমিটি হওয়ার পর আমি কোনো অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অংশ নিয়েছি। এত দিন পরিবেশ ঘোলাটে ছিল বলে আসতে পারিনি। ফজলু ভাই দলের মূল অংশে ফিরে আসায় সব অন্ধকার কেটে যাবে। কোনো ব্যক্তির নয়, আমরা দলের রাজনীতি করি। মেয়র (মনিরুল হক) সাক্কুকে বলতে চাই, তুমি অনেক পেয়েছ, এখন দলের মূলধারায় ফিরে আসো। যাঁরা দলের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাঁদের দলের মধ্যে আনা হবে না।’ বেগম রাবেয়া চৌধুরী বলেন, ‘ফজলুল হক এত দিন অভিমান করে দূরে সরে ছিলেন। তাঁর বিবেক তাঁকে দংশন করেছে। তাই ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। তাঁর দলে ফিরে আসা বিশেষ আনন্দের খবর। আশা করি, আর যাঁরা দূরে রয়েছেন, তাঁরাও ফিরে আসবেন।’ জানতে চাইলে ফজলুল হক বলেন, ‘দুর্দিনে দলের পাশে থাকা একান্ত দায়িত্ব ও কর্তব্য। তাই দলের মূলধারায় ফিরে এসেছি।’ এ ব্যাপারে মেয়র মনিরুল হক বলেন, ‘উনি (ফজলুল হক) বিগত চার বছর দলের মধ্যে পক্ষ তৈরি করে নেতৃত্ব দিয়েছেন। এখন উনি কী জন্য গিয়েছেন, তা আমি বলতে পারব না। জ্যেষ্ঠ নেতা হিসেবে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন।’ দলের একাধিক সূত্র জানায়, ফজলুল হক কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি হতে চান। ইতিমধ্যে মেয়রের অনুসারী দুই ছাত্রনেতার সঙ্গে তাঁর কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে কোনো আশ্বাস ছাড়া ওই বৈঠক শেষ হয়। এরপর ফজলুল হক জেলা বিএনপির মূলধারার সঙ্গে যোগাযোগ করে ওই ব্যাপারে আশ্বাস পান এবং মূলধারায় ফিরে যান।