মূলে যখন একটি 'বিজয়চিহ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা
জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে (আইসিটি) অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান আছে। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও কাদের মোল্লাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। অথচ কাদের মোল্লার বিরুদ্ধে প্রমাণিত হওয়া অভিযোগের মধ্যে ছিল হত্যার মতো অপরাধও। যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে কাদের মোল্লা সেদিন ‘বিজয়চিহ্ন’ দেখিয়েছিলেন, যা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল দেশপ্রেমিক সাধারণ মানুষের মধ্যে।
কাদের মোল্লার বিরুদ্ধে অপ্রত্যাশিত রায় ঘোষিত হওয়ার পর থেকেই ফুঁসে উঠতে থাকে সাধারণ মানুষ। শাহবাগ চত্বরে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হওয়া ক্ষুব্ধ মানুষের প্রতিবাদ সেদিন সৃষ্টি করেছিল অভূতপূর্ব গণজাগরণ। তারুণ্যের ফুঁসে ওঠা সেই প্রতিবাদ সেদিন সরকারকে বাধ্য করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) আইন সংশোধন করতে। কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আপিল করতেও বাধ্য হয়েছিল। সেই আপিলের রায় আজ ঘোষিত হলো। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

৫ ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় বিশেষ একটি দিন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। কুখ্যাত এই জামায়াত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ই সেদিন ঠিক করে দিয়েছিল বাংলাদেশের জাতীয় রাজনীতির গতি-প্রকৃতি। শাহবাগ চত্বরে তারুণ্যের জাগরণ সেই রায়ের পরেই দাগ টেনে দিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির মাঝখানে। এ জন্য শাহবাগের তারুণ্যকে সেদিন কম মূল্য দিতে হয়নি। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কাছ থেকে তাঁদের পেতে হয়েছে ‘ধর্মবিরোধী’ তকমা। ধর্মান্ধ শক্তির হাতে প্রাণ দিতে হয়েছিল রাজীব হায়দার নামের একজন অনলাইন অ্যাকটিভিস্টকে। বিভিন্ন সময়ে হামলার শিকার হতে হয় বেশ কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টকে।
গণজাগরণ মঞ্চের অভূতপূর্ব শক্তির প্রতিক্রিয়া হিসেবে পরবর্তী সময়ে ‘হেফাজতে ইসলাম’ নামের একটি সংগঠন গণজাগরণ মঞ্চকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে সরাসরি নেমে পড়ে এর বিরোধিতায়। ‘নাস্তিক-আস্তিক’ শব্দযুগল দীর্ঘদিন পর বাংলাদেশের রাজনীতিতে হয়ে ওঠে অতিব্যবহূত। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোও বিভক্ত হয়ে যায় এই আস্তিক-নাস্তিকের অভিধায়। অথচ ফেব্রুয়ারির ৫ তারিখ শাহবাগে গণজাগরণ ঘটেছিল কুখ্যাত স্বাধীনতাবিরোধী, জামায়াতের নেতা কাদের মোল্লার বিরুদ্ধে অপ্রত্যাশিত এক রায়ের প্রতিবাদ জানাতে।
হেফাজতে ইসলাম ফেব্রুয়ারির আগে সক্রিয় ছিল না। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ বিরাট শক্তিতে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে তারা।
এরই ধারাবাহিকতায় হেফাজতে ইসলাম ঢাকাকে অবরুদ্ধ করে মতিঝিল ও সংলগ্ন এলাকায় ভয়াবহ তাণ্ডব চালায়। হেফাজতের সেই পেশি প্রদর্শনের সমাপ্তি ঘটে ৫ মে মধ্যরাতে মতিঝিলের শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্য দিয়ে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লা ছাড়াও মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে রায় হয়েছে আরও পাঁচজনের বিরুদ্ধে। রায় হয়েছে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াতের নেতা কামারুজ্জামান, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে। তাঁদের মধ্যে একমাত্র গোলাম আযম ছাড়া মৃত্যুদণ্ডের রায় হয়েছে বাকি সবার বিরুদ্ধে। ফাঁসির রায় হয়েছে জামায়াতের সাবেক রোকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে, যিনি এখন পলাতক। কিন্তু আবদুল কাদের মোল্লার রায় যেভাবে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, আর কোনো নেতার বিরুদ্ধে আইসিটির দেওয়া রায় তেমনটি করতে পারেনি।
এর নেপথ্য কারণ হয়তো কাদের মোল্লার সেই ‘বিজয়চিহ্ন’ই!