মূল্য তালিকা না রাখায় অর্থদণ্ড
মূল্য তালিকা না রাখা এবং খাবারের দাম বেশি নেওয়ার দায়ে দশটি খাবারের দোকানের মালিকদের অর্থদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। খাবারের দোকানগুলো হলো, মনোলোভা কাবাব এন্ড রেস্টুরেন্ট, সাবিনা ফাস্ট ফুড, ফাতেমা জেনারেল স্টোর, আকাশ ফাস্ট ফুড, আপ্যায়ন ফাস্ট ফুড, গ্রামীণ ফুড কর্নার, শট ইট সেন্টার, সোমাইয়া ফাস্ট ফুড, আরএফসি কর্নার ও আক্তার ফাস্ট ফুড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের মধ্যে মনোলোভা কাবাব এন্ড রেস্টুরেন্টে কোনো খাবার মূল্য তালিকা ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে খাবার ও পানি বিক্রির অপরাধে বাকি নয়টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।