আগামী ১০ বছরে গম, ভুট্টা, চালসহ সব ধরনের খাদ্যশস্য, ভোজ্যতেল এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য ১৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই দেশীয় পর্যায়ে উৎপাদক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। ১৫ জুন প্রকাশিত এই প্রতিবেদনে সংস্থা দুটি বলছে, ২০০৭-০৮ সালে কৃষি উৎপাদন, মজুদ পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্যে অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক মন্দা কৃষিপণ্যের বাজারে বিরূপ প্রভাব ফেলেছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মূল্য ভীষণভাবে বৃদ্ধি পাওয়ায় উন্নয়নশীল দেশগুলোর খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ে। ২০০৯ সালে কিছুটা স্থিতিশীলতা এলেও ১৯৯৭-২০০৬ দশকে খাদ্যপণ্যের যে গড় মূল্য ছিল, সেই পর্যায়ে আর পৌঁছানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মূল্য কিছুটা স্থিতিশীল হয়ে এলেও বিশ্বের অনেক দেশেই এখনো এর প্রভাব পড়েনি। দীর্ঘ মেয়াদে এই সমস্যা চলতে থাকলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে উন্নয়নশীল দেশগুলোর খাদ্যনিরাপত্তা আবারও ঝুঁকির মধ্যে পড়বে, যার প্রথম শিকার হবে দরিদ্ররা। কারণ তাদের আয়ের একটা বড় অংশ ব্যয় হয় খাবার কিনতে। মূল্য বৃদ্ধি সম্পর্কে ওইসিডি-এফএও বলছে, আগামী ১০ বছরে গম, ভুট্টা, চালসহ খাদ্যশস্যের মূল্য ১৯৯৭-২০০৬ দশকের তুলনায় ১৫ থেকে ৪০ শতাংশ, ভোজ্যতেলের মূল্য ৪০ শতাংশের বেশি এবং দুগ্ধ ও দুগ্ধজাত খাবারের মূল্য ১৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। উদীয়মান অর্থনীতির দেশগুলোতে খাদ্যপণ্য ও জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে পরিবেশবান্ধব জ্বালানির (বায়োফুয়েল) ব্যবহার বাড়ানো এর কারণ হতে পারে। বাংলাদেশে এফএওর আবাসিক প্রতিনিধি অ্যাড স্পাইকার প্রথম আলোকে বলেন, কৃষি উৎপাদন বাড়ানো বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, যা মোকাবিলায় চাষযোগ্য জমি, সেচের পানি, মাটির উর্বরতা, ভালো বীজ ও কৃষি শ্রমিক—এই পাঁচটির সমন্বয় ঘটাতে হবে। এ দেশে লবণাক্ততা-সহিষ্ণু ও বন্যা সহনশীল ধানের জাত উদ্ভাবনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে এখন এমন ধানের উদ্ভাবন করতে হবে, যেটি অল্প সময়েই তোলা যায়। ভিয়েতনামে এ ধরনের ধানের ব্যাপক চাষ হচ্ছে। বাংলাদেশে কৃষি উৎপাদন বাড়াতে অন্যান্য নিয়ামকের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কথা বিবেচনা করতে হবে বলে মত প্রকাশ করেন বিআইডিএসের গবেষণা পরিচালক মো. আসাদুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই। এ লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিলে হবে না। সমন্বিত উদ্যোগ নিতে হবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে দ্রুততার সঙ্গে। এ প্রসঙ্গে কৃষিসচিব সি কিউ কে মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা বাড়ানোসহ ভালো সার-বীজের সরবরাহ, সেচ, খাদ্যগুদাম ইত্যাদি সব ক্ষেত্রের সমস্যা চিহ্নিত করেছে। এসব সমস্যা সমাধানে অর্থায়নের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে বিশ্বনেতাদের। উল্লেখ্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি ঢাকায় অনুষ্ঠেয় খাদ্যনিরাপত্তা বিনিয়োগ ফোরামের বৈঠকে খাদ্যের উৎপাদন ও সহজলভ্যতা বাড়াতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপের কথা বিশ্বনেতাদের জানিয়েছে।