মূল্যতালিকা টাঙানো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের বিভিন্ন বাজারে দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা টাঙানোর কথা থাকলেও ব্যবসায়ীরা তা মানছেন না। এ ব্যাপারে রোজার শুরুতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করলেও এর কোনো কার্যকারিতা চোখে পড়ছে না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকেও নগরের দোকানগুলোয় পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে রাখার জন্য গত কয়েক দিন ধরে মাইকযোগে প্রচারণা চালানো হয়।
গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সিটি বাজার, নবাবগঞ্জ বাজার, ধাপ বাজার, মাহিগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ ব্যবসায়ীরা তাঁদের দোকানে বিভিন্ন পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে রাখেননি।
সিটি বাজারে দুই শতাধিক দোকান রয়েছে। গতকাল দুপুরে ঘুরে দেখা যায়, হারুন স্টোর নামের একটি দোকান ছাড়া আর কোনো দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙানো নেই। আসলাম স্টোর, আজিজ স্টোর, বাবুল স্টোর, আতিক স্টোর, লিমা স্টোর, খাজা স্টোরসহ কোনো দোকানেই মূল্যতালিকা দেখতে পাওয়া যায়নি।
বাবুল স্টোরের স্বত্বাধিকারী বাবুল হোসেন বলেন, বাজার কমিটির পক্ষ থেকে একটি মূল্যতালিকা বাজারের একটি স্থানে রাখা হবে বলে পৃথক পৃথক দোকানে টাঙানো হয়নি। তবে এই একটি তালিকাও টাঙিয়ে রাখতে দেখা যায়নি। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, শসার পাইকারী ব্যবসায়ী নূরুল ইসলাম মূল্যতালিকা না টাঙানোর কথা স্বীকার করেছেন।
সিটি বাজারে পণ্য কিনতে যাওয়া নিউ জুম্মাপাড়ার মজিবর রহমান বলেন, মূল্যতালিকা টাঙানো হলে ক্রেতাদের কেনাকাটা করতে অনেক সুবিধা হয়। কিন্তু ব্যবসায়ীরা তা মানছেন না। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সিটি বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস মিয়া ও সাধারণ সম্পাদক মাসুম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন সব ব্যবসায়ীর মূল্যতালিকা টাঙিয়ে রাখার নিয়ম মেনে চলা উচিত বলে মন্তব্য করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, রমজানের শুরু থেকেই বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মূল্যতালিকা টাঙানো না থাকলে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।