মূল্যতালিকা মানছেন না মাংস ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর বাজারের মাংসের দোকানদার রহমান মিয়ার এক কথা, ‘গরুর মাংসের কেজি ৩০০ টাকা। এক টাকা কম দেওয়া যাবে না।’ কিন্তু সরকার তো ২৮০ টাকা দাম নির্ধারণ করে দিয়েছে—এ কথা বলতেই তাঁর হুংকার, ‘সরকার বা মাংস ব্যবসায়ী সমিতির লোকজন কি আমাদের গরু কিন্যা দেয়। আমরা ব্যবসা করতে বইছি। ওই সব নেতাদের বাইন্ধা দেওয়া দাম মানার টাইম নাই। ইচ্ছে হলে নেন, নইলে কাটেন। অন্য কাস্টমাররে জায়গা দেন।’
বাজার ঘুরে দেখা গেল একই চিত্র। পুরো বাজারের মাত্র দুটো দোকানে মূল্যতালিকা টানানো। বেশির ভাগ দোকানে নেই ডিজিটাল পাল্লা।
সরেজমিনে দেখা গেছে কাপ্তানবাজার, শান্তিনগর বাজার, মগবাজার, মধুবাগ, নয়াটোলা, মালিবাগ বাজার, খিলগাঁও বাজার, বাড্ডা, গুলশান কাঁচা বাজার, মহাখালী, তেজকুনীপাড়ার বাজার, শ্যামবাজার, গোপীবাগ, মতিঝিল, হাজারীবাগ, আগারগাঁও, রায়েরবাজার, মোহাম্মদপুর, আদাবর, গাবতলীর বড় বাজার, পীরেরবাগ, শেওড়াপাড়া অলি মিয়ার কাঁচাবাজার, বউবাজার, কাজীপাড়া বাজার, ইব্রাহিমপুর বাজার, কচুক্ষেত বাজার, ১৪ নং কাঁচাবাজার, ১৩ নং কাঁচাবাজার, মিরপুর ১ নং কাঁচাবাজার, মিরপুর ৬ নং কাঁচাবাজার এবং মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারসহ অলিগলির শত শত মাংসের দোকানদার নির্ধারিত মূল্যতালিকা মানছেন না।
এ ছাড়া কোনো বাজারেই কোনটি মহিষ বা কোনটি গরুর মাংস বা কোনটি খাসি বা কোনটি ছাগলের মাংস চিহ্নিত করা নেই। আর দামের বিষয়ে কোথাও ছাড় নেই। কোনো কোনো দোকানদার গরুর মাংস ৩২০ টাকা করেও বেচছেন।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত মূল্যতালিকায় মাংস বিক্রি হচ্ছে না এ অভিযোগ নগরের বিভিন্ন এলাকা থেকেই আসছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত দেখলেই দোকানদারেরা গরুর মাংস ২৮০ টাকাতেই বিক্রি করেন। চলে এলেই আবার বেশি দামে বিক্রি করেন। অনেকের ডিজিটাল পাল্লা নেই এটাও সত্য কথা।’ শিগগিরই এ বিষয়ে বড় ধরনের অভিযান শুরু হবে, জানালেন তিনি।
গত ২২ জুন ডিএসসিসির প্রশাসক ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে নগর ভবনে মাংস ব্যবসায়ীদের এক সভায় রমজানে মাংসের দাম নির্ধারণ করা হয়। তাতে দেশি গরুর মাংস কেজি ২৮০ টাকা, বিদেশি গরুর মাংস ২৬০ টাকা, মহিষের মাংস ২৫০ টাকা, খাসির মাংস ৪৫০ টাকা, ছাগি ও ভেড়ার মাংস ৪০০ টাকা করে নির্ধারণ করা হয়।
মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. রবিউল আলম বলেন, ‘আমরা ১১ মাস ব্যবসা করি। কিন্তু রমজানে সরকার নির্ধারিত দামেই বিক্রি করার কথা।’ সিটি করপোরেশনে অনুষ্ঠিত সভার বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘নগরে প্রায় ১০ হাজার মাংস ব্যবসায়ী রয়েছেন। তাঁরা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যে তালিকা টানিয়ে রাখতে বাধ্য এবং ওই মূল্যেই ডিজিটাল পাল্লায় মাংস বিক্রি করবেন।’
যাঁরা আইন অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে সমিতির সদস্যপদ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া, এমনকি থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।