গাইবান্ধা আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাকেন্দ্রের (এফডিআইএল) কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এগুলো চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত লোকও নেই। ফলে কেন্দ্রটি থেকে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া যাচ্ছে না। গাইবান্ধা এফডিআইএল সূত্র জানায়, ১৯৮৪ সালে শহরের বোর্ড বাজার এলাকায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ প্রতিষ্ঠান (এলটিআই) গড়ে ওঠে। সে সময় ক্যাম্পাসের ভেতরই আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাকেন্দ্র স্থাপন করা হয়। এখানে গবাদিপশু ও হাঁস-মুরগির মলমূত্র, রক্ত পরীক্ষা এবং ময়নাতদন্ত হয়ে আসছে। জটিল রোগাক্রান্ত পশুপাখির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। পলাশবাড়ি উপজেলার মুরারিপুর নিরিনা পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, বর্তমানে রোগাক্রান্ত পশুপাখির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। সেখান থেকে রিপোর্ট আসতে দেরি হয়। ফলে রিপোর্ট দেখে চিকিৎসা দেওয়ার আগেই পশুপাখি মরে যায়। এতে খামার মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এই বাস্তবতায় ২০১০ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির গবেষণাগার আধুনিকায়ন করা হয়। রংপুর বিভাগের পাঁচটি জেলার জন্য এই কেন্দ্রটি চালু হয়। গবেষণাগারে অত্যাধুনিক ইনসিনারেটর, অটোক্লেব, ওয়াটার বাথ, ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট, হট ইয়ার ওভেন, মাইক্রো পিপেড, ইলেকট্রনিক ব্যালেন্স, এলাইজা রিডার, এলাইজা ওয়াসার, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, ব্যাকটেরিয়াল ইনকিউবেটর, বায়োসেফটি কেবিনেট, উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর ও সোয়াইন ফ্লু নির্ণায়ক যন্ত্র স্থাপন করা হয়। কিন্তু এগুলো চালানোর জন্য প্রয়োজনীয় লোকবল নেই। বর্তমানে যে দুজন বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন তাঁদের এসব যন্ত্রপাতি চালানোর প্রশিক্ষণ নেই। ফলে এগুলো অব্যবহূত অবস্থায় পড়ে আছে।সূত্র আরও জানায়, বর্তমানে এই কেন্দ্রে পাঁচজন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতজন টেকনিশিয়ান প্রয়োজন। গাইবান্ধা এফডিআইএলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার গোলাম রসুল বলেন, পশুপাখির রোগ নির্ণয়ের জন্য মূল্যবান যন্ত্রপাতি দেওয়া হলেও প্রয়োজনীয় লোকবল ও কর্মরতদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। ফলে এগুলো চালানো যাচ্ছে না। তিনি বলেন, প্রয়োজনীয় লোকবল ও প্রশিক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।