মূল্যবৃদ্ধি নয়, বিদ্যুৎ খাতে লুটপাট বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং গণসংহতি আন্দোলন।
জাতীয় কমিটি গতকাল শনিবার এক বিবৃতিতে বিদ্যুতের দাম না বাড়িয়ে এই খাতে দুর্নীতি ও লুটপাট বন্ধ করে উৎপাদন খরচ কমানোর দাবি জানিয়েছে। আর গণসংহতি আন্দোলন মূল্যবৃদ্ধির পদক্ষেপের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করে।
জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ প্রধানমন্ত্রীর বিদ্যুতের মূল্যবৃদ্ধিসংক্রান্ত বক্তব্যের কথা উল্লেখ করে বিবৃতিতে বলেন, উৎপাদন ব্যয় যুক্তিযুক্তভাবে বাড়লে মূল্যবৃদ্ধির যৌক্তিকতা মেনে নেওয়া যায়। কিন্তু সরকারের দুর্নীতি ও ভুল নীতির কারণে বিদ্যুতের দাম বাড়লে জনগণ কেন এর দায় নেবে?
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্র মেরামত না করে ১০ গুণ বেশি দামের ‘রেন্টাল’ ও ‘কুইক রেন্টালের’ ফাঁদে দেশকে ফেলে দিয়েছে সরকার। এর ফলে অর্থনীতির ওপর ভয়াবহ বোঝা তৈরি হয়েছে। কুইক রেন্টালের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধির অর্থই হলো এই বোঝা আরও বাড়ানো এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি হওয়া।
গণসংহতির পদযাত্রা: মূল্যবৃদ্ধির পদক্ষেপ বন্ধের দাবিতে গণসংহতি আন্দোলন ৪ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ওই গণ-অবস্থান সফল করতে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে নবাবপুর রোডের রথখোলা মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে এবং আজ রোববার শাহবাগ থেকে আজিমপুর পর্যন্ত পদযাত্রা করবে সংগঠনটি।
গতকালের পদযাত্রার আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, মনির উদ্দিন প্রমুখ। এতে বক্তারা অভিযোগ করেন, সরকার কুইক রেন্টালের লুটপাটের দায় মেটাতে ছয় দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।