বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানু সব সময় মূল্যবোধ এবং দেশপ্রেম নিয়ে কথা বলতেন। তিনি কখনো কারও কাছে কিছু চাননি, আজীবন শুধু মানুষকে দিয়েই গেছেন।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা ভবনের ‘দাদাভাই সম্মেলনকক্ষে’ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা এবং শিরিন বানুর পরিবার আয়োজিত তাঁর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
শিরিন বানুর ছোট মেয়ে তন্বী বলেন, ‘কখনো আমাদের বকা দেওয়া কিংবা পড়ালেখার জন্য শাসন করত না। কখনো বলেওনি বড় হয়ে কী হতে হবে। সব সময় মূল্যবোধ আর দেশপ্রেমের কথা বলত। ওকে খুশি করা খুব সহজ ছিল।’
শিরিন বানুর সহযোদ্ধা এবং কুমিল্লা মেলার সদস্য নাজমুল হাসান বলেন, ১৯৬৪ সাল থেকে মিতিল (শিরিন বানুর ডাক নাম) আপার সঙ্গে পরিচয়। তিনি কখনো কারও কাছে কিছু চাননি। আজীবন শুধু দিয়েই গেছেন।
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহসভাপতি রওশন আরা ফিরোজ বলেন, ‘সবাইকে ভালোবেসে সংগঠন করা এটা সবাই পারেন না। অনেক সময় দেখা যায় অনেকে বড় পদে চলে গেলে আর আগের মতো থাকেন না। সবাইকে আপন করে নেওয়া একজন যোগ্য সংগঠক হারালাম আমরা।’
স্মরণসভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, ‘মৃত্যুর আগে তাঁকে দেখেছিলাম এই কচি-কাঁচার মেলাতেই। কী প্রাণোচ্ছল দেখাচ্ছিল তাঁকে। এখন তিনি আমাদের মাঝে নেই। সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন পরপারে তিনি ভালো থাকেন।’
স্মরণসভায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহসভাপতি কবি রুবি রহমান, কুমিল্লা মেলার সদস্য আজিজুর রহমান, সাহেরা খাতুন, অনিমা মজুমদারসহ শিরিন বানুর বড় মেয়ে জয়া, ছেলে তাহসিন রহমান, ছোট বোন সারাহ বানু এবং পরিবারের আত্মীয়স্বজন ও কচি-কাঁচার মেলার সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে সন্ধ্যায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।