মূল্যবোধের চর্চাটা খুব জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মোমেন
আবুল মোমেন

খুন-খারাবি আগেও ছিল। শত শত বছর আগেও মানুষ হিংসা-বিদ্বেষের প্রকাশ ঘটাত। কিন্তু এখন তো মানুষ সভ্য হয়েছে। মানবাধিকার, আইনের শাসনের যুগে মানুষকে মানুষের মতো চলতে হবে। বাংলাদেশের সমাজ বদলে যাচ্ছে। বাংলাদেশে কৃষি ও গ্রামভিত্তিক সমাজ ভেঙে যাচ্ছে। মানুষ নগরজীবনে অভ্যস্ত হয়ে উঠছে, তার জীবিকার ধরন পাল্টাচ্ছে। পারিবারিক ও সামাজিক বন্ধনের ধরন বদলাচ্ছে। একটা সময় পরিবার, পাড়া, সমাজ, ঐতিহ্য নিয়ে মানুষের একটি সাংস্কৃতিক উত্তরাধিকার ছিল। মানুষ তখন দায়িত্ব নিত। বাবা-মায়ের সঙ্গে, আত্মীয়স্বজনের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলত।

মানুষ এখন আর উত্তরাধিকারের দায় নিচ্ছে না। সব হারিয়ে সে একটি বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক জীবনে অভ্যস্ত হয়ে উঠছে। তার যে উচ্চাভিলাষ তা বাস্তবতার সঙ্গে সংগতিহীন হয়ে যাচ্ছে। সে নীতি-নৈতিকতাকে পুরোনো বলে মনে করছে। বিত্ত বাড়াতে বেপরোয়া জীবনযাপনে ঢুকে পড়ছে। ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যে আস্থা ও প্রীতি উবে যাচ্ছে। স্বস্তি থাকছে না জীবনে। যাদের সঙ্গে তার অংশীদারির সম্পর্ক হচ্ছে, তাদের সঙ্গে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কগুলোতে লাভক্ষতিই মুখ্য। এমন অবস্থায় যেকোনো কিছু ঘটতে পারে। পরিবার, ঐতিহ্য, উত্তরাধিকারের মূল্যবোধের মতো হাতিয়ার না থাকায় সে পরিস্থিতি সামাল দিতে পারে না। সে জড়িয়ে পড়ে অবৈধ ও অপরাধমূলক কাজে।

অর্থ-বিত্ত উপার্জনের সঙ্গে সঙ্গে তার হাতে যেসব সুযোগ আসছে সেগুলোর সদ্ব্যবহার করতে হবে আর পরিস্থিতি মোকাবিলায় মূল্যবোধের চর্চাটা খুব জরুরি।

সাংবাদিক ও লেখক