অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও এডিপি বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দক্ষতা বাড়ানোই হলো আগামী দিনের মূল চ্যালেঞ্জ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক থেকে ফিরে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন।বৈঠকে সামগ্রিক অর্থনীতির ওপর ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) একটি প্রতিবেদন উপস্থাপন করেন অর্থসচিব মোহাম্মদ তারেক।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে তিনি জানিয়ে এসেছেন যে জুনের দিকে মূল্যস্ফীতি কম থাকলেও এখন তা বাড়তির দিকে। কারণ, সার ও জ্বালানি তেল আমদানির সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতিও আমদানি করা হয়।এডিপি বাস্তবায়নে দক্ষতা বাড়ানোকে আরেকটি চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, গত ছয় মাসে উন্নয়ন ব্যয় বাস্তবায়ন হয়েছে ২৯ শতাংশ। তাও হয়েছে আবার প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়ার কারণে। এই সময়ে অনুন্নয়ন ব্যয়ও যথেষ্ট কম হয়েছে। ভর্তুকি বা বাড়তি বেতন না দেওয়ার কারণে এমনটি হয়েছে। তবে শিগগির এটা বেড়ে যাবে।অর্থমন্ত্রী বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক। চলতি অর্থবছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) হার ছয় শতাংশ ছাড়িয়ে যাবে।মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়ছে বলেও প্রধানমন্ত্রীকে বলে এসেছেন অর্থমন্ত্রী। এ কথা জানিয়ে তিনি বলেন, অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি খাতে নেতিবাচক চিত্র থাকলেও পরের তিন মাসের শেষ দিকে তা ঘুরে গেছে। বেড়েছে শিল্পঋণ এবং বেসরকারি খাতের বিনিয়োগও। শিল্পঋণ গত বছর যেখানে নেতিবাচক ছিল, এ বছর তা দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশে। বিদেশি সাহায্যের লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ গত ছয় মাসে পাওয়া গেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি অর্থনীতির ভিত মজবুত করতে রাজস্ব বাড়ানোর নির্দেশ দিয়েছেন।বাসস আরও জানায়, বৈঠকে বিনিয়োগের পদ্ধতি আরও সহজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু পদ্ধতিগত জটিলতার কারণে তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেন। হয়রানিরও শিকার হতে হয় তাঁদের। প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করলে বিদেশিরাও বিনিয়োগ করতে আসবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে সোনালি আঁশ খ্যাত পাট খাতকে উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়েছে। অথচ পাটের রয়েছে এখনো উজ্জ্বল সম্ভাবনা। তিনি বলেন, নজিরবিহীন রাজনৈতিক দলীয়করণের কারণে প্রশাসন অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে। গতি আনতে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে।বৈঠকে অন্যদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান, মুখ্য সচিব এম এ করিম, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, প্রেস-সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।