মূল্যস্ফীতি হবে, চাপে পড়বে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। বিদ্যুৎ বিলে যেমন খরচ বাড়বে, তেমনি পোশাক কিনতেও বাড়তি টাকা গুনতে হবে। এমনকি সাজগোজ করার জন্য গয়না কিনবেন? তাতেও বেশি মূসক দিতে হবে।
উৎপাদন ও সেবা দেওয়ার বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা যে মূসক দেবেন, তা শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই চাপবে। বিশেষ করে সংকুচিত ভিত্তিমূল্যে এবং নির্ধারিত মূল্যের (ট্যারিফ মূল্য) ওপর যেসব পণ্য বা সেবা পর্যায়ে বর্তমানে যে হারে মূসক আদায় করা হয়, সেসব খাতে সরাসরি ১৫ শতাংশ হারে মূসক বসবে। এ ছাড়া নতুন আইনে ১ হাজার ৯৭৩টি পণ্যের মূসক অব্যাহতি সুবিধাও উঠে যাবে।
আগামী জুলাই মাস থেকে নতুন মূসক আইন কার্যকর করার কথা রয়েছে। ব্যবসায়ীরা এই আইন বাস্তবায়ন নিয়ে আপত্তি
জানিয়ে আসছেন। তাঁরা বেশ কিছু ধারা সংশোধন চেয়ে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন মূসক আইনের চ্যালেঞ্জগুলো নিয়ে একটি বিশ্লেষণ তৈরি করেছে। সেখানেও কিছু কিছু ক্ষেত্রে সরাসরি ভোক্তা পর্যায়ে দাম বাড়ার আশঙ্কা করা হয়েছে। এনবিআর বলেছে, নতুন আইনের বাস্তবায়ন হলে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতি দেখা দিতে পারে। কারণ, এতে গৃহস্থালি ব্যয় বেড়ে সার্বিক জীবনযাত্রার ব্যয় বাড়াবে। পাশাপাশি নতুন মূসক আইনের কারণে সরকারি প্রকল্পের ব্যয়ও বাড়বে। এতে বাজেট বাড়াতে হবে। একই সঙ্গে বাড়বে ব্যবসা পরিচালনার ব্যয়।
বিশ্লেষণ প্রতিবেদনে এনবিআর মূল্যস্ফীতির আশঙ্কার কথা বললেও সার্বিকভাবে পণ্য বা সেবামূল্যের ওপর প্রভাব ১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে উল্লেখ করেছে। এনবিআর মনে করে, বিগত কয়েক বছরের গড়ে ৬ থেকে ৮ শতাংশ মূল্যস্ফীতি বিবেচনায় আনলে তা অত্যন্ত নগণ্য।
তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, নতুন মূসক আইন বাস্তবায়িত হলে সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। এখন বেশির ভাগ ক্ষেত্রেই ক্রেতা পর্যায়ে মূসকের ভার পড়ে ৪ থেকে ৫ শতাংশ। এটা ১৫ শতাংশ হলে বিভিন্ন পণ্যের দাম আরও ১০ শতাংশের বেশি বাড়বে।
এনবিআরের ওই বিশ্লেষণে আরও বলা হয়েছে, নতুন মূসক আইন বাস্তবায়ন করলে অভ্যন্তরীণ পর্যায়ে মূসক আদায় ১৫ থেকে ২০ শতাংশ বাড়বে। মূলত ট্যারিফ মূল্যপদ্ধতি বাতিলের ফলেই অভ্যন্তরীণ খাত থেকে ওই বাড়তি রাজস্বের সিংহভাগ আসবে। তবে সংকুচিত ভিত্তিমূল্যে রাজস্ব আদায় বাড়লেও তা তেমন উল্লেখযোগ্য নয়, নতুন আইনের কারণে আমদানি পর্যায়ে মূসক আদায় বাড়বে ৩ দশমিক ৭ শতাংশ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সাধারণত প্রতিযোগিতামূলক বাজারে মূসকের মতো পরোক্ষ কর ক্রেতার কাছ থেকে আদায় করা হয়। এতে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেতে পারে। কিন্তু দাম বাড়ানোর কারণে যদি চাহিদা কমে গিয়ে ব্যবসায়ীদের আয় কমে যায়, তাহলে তাঁরা পুরোটা ক্রেতার ওপর না-ও চাপাতে পারেন। তখন হয়তো দাম পুরোটা না-ও বাড়তে পারে। মূসকের হার কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে এ হার বেশি। তা ১০ শতাংশে নামিয়ে আনলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। আওতা বাড়ানো ঠিক আছে, হার কমানো উচিত।
কোন কোন খাতে কীভাবে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়বে, এর কিছু উদাহরণ দেওয়া হয়েছে এনবিআরের প্রতিবেদনে। বিদ্যুৎ বিলের ওপর সংকুচিত ভিত্তিমূল্যে ৫ শতাংশ হারে মূসক আরোপ আছে। নতুন আইন অনুযায়ী, বিদ্যুৎ বিলের ওপর ১৫ শতাংশ মূসক আরোপ হবে। এনবিআর নিজেই বলছে, এতে গৃহস্থালি ও শিল্পের অর্থনৈতিক ব্যয় বাড়বে, যা সার্বিক জীবনযাত্রায় ব্যয় বাড়িয়ে দিতে পারে।
বর্তমানে বিদ্যুৎ বিলসহ ২০ ধরনের সেবার ওপর সংকুচিত ভিত্তিমূল্যে বিভিন্ন হারে মূসক আরোপ করা আছে। এ হার ২ থেকে ১০ শতাংশ পর্যন্ত। নতুন আইনে এসব খাতে অভিন্ন, অর্থাৎ ১৫ শতাংশ হারে মূসক আরোপ করা হবে। ফলে ওই সব পণ্য ও সেবার পেছনে ক্রেতার খরচ বাড়তে পারে।
এনবিআরের ওই বিশ্লেষণে বলা হয়েছে, নতুন আইন কার্যকর হলে আমদানি, উৎপাদন, বিক্রয় পর্যায়সহ সব মিলিয়ে ১ হাজার ৯৭৩টি পণ্যের সব ধরনের মূসক অব্যাহতি সুবিধা উঠে যাবে। ফলে এসব পণ্যের ভোক্তা পর্যায়ে মূসক বাবদ কর ভার বাড়বে। এর মানে, ভোক্তাকে আগের চেয়ে বেশি কর দিতে হবে, বেশি দামে পণ্য কিনতে হতে পারে। এনবিআরের বিশ্লেষণে আরও বলা হয়েছে, সব মিলিয়ে ট্যারিফ লাইনের ৭৪ দশমিক ৪ ভাগ পণ্যে সরাসরি ১৫ শতাংশ মূসক আরোপ হবে।
বর্তমানে স্থানীয় উৎপাদন পর্যায়ে ৮৫টি পণ্যের ওপর ট্যারিফ মূল্য ধরে মূসক আরোপ করা আছে। অর্থাৎ ওই পণ্যগুলোর পরিমাপের এককের ওপর মূসক নির্ধারিত আছে। ১৫ শতাংশ হার কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এমএস রডের বাজারে।
বর্তমানে ট্যারিফ মূল্যভিত্তিক ব্যবস্থায় রড কিনতে টনপ্রতি ৪১২ টাকা ৫০ পয়সা মূসক পরিশোধ করতে হয়। নতুন আইনে বিভিন্ন পর্যায়ে রেয়াত নেওয়ার পরও বর্তমান বাজারদরে প্রতি টনে ৩ হাজার ২২৯ টাকা মূসক পরিশোধ করতে হবে। এতে টনপ্রতি এমএস রডের বাজারদর টনে ২ হাজার ৮১৬ টাকা বাড়বে বলে এনবিআর বলছে।
তবে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাসাদুল আলম প্রথম আলোকে বলেন, বর্তমান ব্যবস্থায় রডের দামে মূসকের হার দাঁড়ায় ১ শতাংশের কম। কিন্তু এটা ১৫ শতাংশ হলে ক্রেতা পর্যায়ে প্রায় ৭ হাজার টাকা খরচ বাড়বে। যেসব রেয়াত নেওয়া যায়, তা ব্যবসায়ী নেবেন, কিন্তু ক্রেতাদের ১৫ শতাংশ হারেই মূসক দিতে হবে।
শুধু রড নয়, নতুন মূসক আইন কার্যকর হলে নির্মাণ ব্যয়ে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা আছে। ইট ও বালু কিনতে খরচ বাড়বে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। কারণ, এসব ক্ষেত্রে ১৫ শতাংশ মূসক কার্যকর হবে। এর ফলে বেসরকারি নির্মাণ খাতের পাশাপাশি পদ্মা সেতু, মেট্রোরেলের মতো মেগা প্রকল্পের ব্যয় বাড়তে পারে।
ব্র্যান্ডের দোকানগুলো থেকে পোশাক কিনতে গেলে ক্রেতাদের এখন মোট মূল্যের ওপর ৪ থেকে ৫ শতাংশ মূসক দিতে হয়। ১৫ শতাংশ মূসক বসলে একটি জামার দাম ২০০০ টাকা হলে ক্রেতাকে বাড়তি ২০০ টাকা গুনতে হবে।
বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির (এফইবি) সভাপতি আজহারুল হক প্রথম আলোকে বলেন, অভিন্ন ১৫ শতাংশ মূসক হার কার্যকর হলে তা ক্রেতাকেই দিতে হবে। এ ক্ষেত্রে উৎপাদক ও বিক্রেতারা কতটুকু রেয়াত পেল, তা বিবেচ্য নয়।
নতুন মূসক আইন বাস্তবায়িত হলে খরচ বাড়বে সোনা ও হীরার গয়না কিনতেও। গয়নার ওপর এখন ৫ শতাংশ মূসক আরোপ করা আছে; যা ১৫ শতাংশ হলে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়না কিনতে ৪ হাজার টাকার মতো খরচ বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান।
তবে ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির বিষয়ে দ্বিমত পোষণ করেন এনবিআরের সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, নতুন মূসক আইন বাস্তবায়িত হলে করের আপতন বাড়বে না, বরং কমবে। অবশ্য এ জন্য প্রতিটি পর্যায়ে ব্যবসায়ীদের হিসাব রাখতে হবে। উৎপাদন, সরবরাহ ও খুচরা পর্যায়ে যদি ব্যবসায়ীরা যথাযথভাবে উপকরণ রেয়াত নিতে পারেন, তবে ভোক্তা পর্যায়ে প্রকৃত কর ভার বাড়বে না। বিদ্যমান ব্যবস্থায় ব্যবসায়ীরা মূসক পরবর্তী পর্যায়ে চাপিয়ে দেন।
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘সরকার যদি চায় মূসকের হার বাড়াতে, মূল্যস্ফীতি বাড়াতে, তাহলে আমরা তো কিছু করতে পারব না।’
নতুন মূসক আইনে প্রজ্ঞাপনের মাধ্যমে মূসক অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। তবে মৌলিক খাদ্য, নির্ধারিত জীবন রক্ষাকারী ওষুধ, গণপরিবহনসেবা, গণস্বাস্থ্য ও চিকিৎসাসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ, কৃষি, মৎস্য চাষ, দাতব্য প্রতিষ্ঠানের অবাণিজ্যিক কার্যক্রম, অলাভজনক সাংস্কৃতিক সেবা—এসব ক্ষেত্রে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।