মূল্যহ্রাসে ক্রেতাদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোকানের মূল্যছাড় দেখে পণ্য কিনছেন এক ক্রেতা l প্রথম আলো
দোকানের মূল্যছাড় দেখে পণ্য কিনছেন এক ক্রেতা l প্রথম আলো

বিশ্ববিদ্যালয়পড়ুয়া আশিনা হক বছরের শেষ মাসটির জন্য অপেক্ষায় থাকেন। বিপণিবিতান ঘুরে ঘুরে একসঙ্গে অনেক কিছু কেনেন। বছরের শেষ দিকটাতে তাঁর মতো অনেকেই অপেক্ষায় থাকেন। এ সময় কমবেশি সব দোকানেই মূল্যছাড়ের হিড়িক পড়ে। ছাড়কে ঘিরে মানুষের আগ্রহও কম নয়।
ফ্যাশন হাউস ‘স্মার্টেক্স’-এ অনেক দিন ধরেই ছাড় চলছে। নির্দিষ্ট কিছু পোশাকের ওপর ৬০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস। চলবে জানুয়ারি পর্যন্ত। স্মার্টেক্সের সীমান্ত স্কয়ার শোরুমের শপ ইনচার্জ ফাহাদ আলম বলেন, ‘এ সময়টাতে ভালোই বিক্রি হয়। এক বছরের প্রোডাক্টগুলো মোটামুটি বিক্রি হয়ে যায়।’ দেশীয় বুটিকস অঞ্জন’সের ছয়টি আউটলেটে গতকাল থেকে ছাড় শুরু হয়েছে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
ছেলেদের পোশাকের দোকান রিচম্যান-এ সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়। তবে তা আজই শেষ হয়ে যাচ্ছে। ‘ইয়েলো’তেও তাই। সপ্তাহ খানেক ধরে মূল্যহ্রাস শুরু হয়েছে। এখান থেকে তিনটি পাঞ্জাবি কিনেছেন সাহিল আহমেদ। তিনি বলেন, ‘প্রতিবছরই ডিসেম্বর মাসের জন্য ওয়েট করি। পরিবারের সবাই বেশ কেনাকাটা করেন। এবার ওরা দেরিতে দিয়েছে, তারপরও অপেক্ষায় ছিলাম।’ অনেক ফ্যাশন হাউসেই মূল্যহ্রাস চলছে ডিসেম্বরের শুরু থেকে, যা বছর শেষের সঙ্গেই শেষ হবে। ‘সাদাকালো’তে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের আজই শেষ দিন।
বসুন্ধরার সিটিতে ব্র্যান্ড, নন-ব্র্যান্ড প্রায় সব দোকানেই ছাড়ের ধুম। ক্রেতাদের আকর্ষণ করতে বিশাল বিশাল ব্যানার টানানো। দোকানগুলোতে রংবেরঙের স্টিকার ঝুলছে। জুতার দোকান অ্যাপেক্সে বেশ ভিড়। এখানে নির্দিষ্ট জুতা ও ব্যাগে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস। স্টক থাকা পর্যন্ত চলবে। জুতার দোকানগুলোর মধ্যে ‘বে’ এবং ‘জেনিস’-এও ছাড় আছে।
দেশী দশের বুটিকসগুলোতে ডিসেম্বরে ছাড় হয়নি। তবে জানুয়ারি থেকে শুরু হবে। কোনো কোনোটা চলবে মাসব্যাপী আবার কিছু চলবে মাসের মাঝামাঝি পর্যন্ত। ‘রঙ’-এ চলবে ১৬ দিন। পয়লা জানুয়ারি থেকে মাসব্যাপী মূল্যহ্রাস চলবে ‘বিবিয়ানা’য়।