মূল্যায়ন পরীক্ষার নামে সাত শিক্ষককে অবরুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে সাতজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরুদ্ধ শিক্ষকেরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশান আরা বেগম গতকাল সহকারী শিক্ষক মৌরিতানিয়া বেগম, জাকিয়া জেসমিন, রেজওয়ানা ইসলাম, নুসরাত মেরিন, রুখসানা খাতুন, কামরুন নাহার ও আবদুল্লাহ আল হারুনকে স্কুলে আসতে বলেন। আগে থেকে কিছু বলা ছাড়াই এই সাত শিক্ষককে আসামাত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশান আরা ও নির্বাহী হাকিম এনামুল আহসান মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে বলেন। তাঁরা এতে রাজি না হলে কর্মকর্তারা ওই শিক্ষকদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকেরা মোবাইল ফোনে বিষয়টি স্বজনদের জানালে কিছুক্ষণের মধ্যে সেখানে তাঁদের স্বজন ও সাংবাদিকেরা উপস্থিত হন। খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।অবরুদ্ধ শিক্ষক মৌরিতানিয়া অভিযোগ করেন, তাঁরা প্রায় আট বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। পরীক্ষা দিয়ে নিয়মনীতি অনুসরণ করে নিয়োগ পান তাঁরা। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁদের চাকরিচ্যুত করে নিজের লোকদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগেও এভাবে তিনজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে মূল্যায়ন পরীক্ষা নেওয়ার পর গত ২৮ মে আমাকেও বরখাস্তের চিঠি দেওয়া হয়েছিল।’ অবশ্য নির্বাহী হাকিম এনামুল আহসান শিক্ষকদের ডেকে নিয়ে অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের মূল্যায়ন পরীক্ষা দেওয়ার কথা আগেই বলা হয়েছিল। পরীক্ষা না দিয়ে তাঁরা লোকজন ডেকে এনে এই পরিস্থিতির সৃষ্টি করেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশান আরা বেগম দাবি করেন, প্রতিষ্ঠানের স্বার্থেই শিক্ষকদের এ ধরনের দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। এর আগে উপযুক্ত দক্ষতা না থাকায় তিনজনকে বাদ দিয়ে অন্য শিক্ষক নেওয়া হয়েছে। গুলশান আরা সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের স্ত্রী। আমিনুল ইসলাম পদাধিকার বলে এই ইংরেজি মাধ্যম স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আমিনুল ইসলাম ২০০৩ সালে এই সিরাজগঞ্জে ম্যাজিস্ট্রেট ছিলেন। তখন তাঁর স্ত্রী গুলশান আরা এই প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। এরপর গত বছর স্বামী সিরাজগঞ্জে জেলা প্রশাসক হয়ে এলে গুলশান আরা এখানে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এরপর তিনি হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অবশ্য জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম দাবি করেন, তাঁর প্রভাবে নয়, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র মোতাবেকই তাঁর স্ত্রী এখানে নিয়োগ পেয়েছেন।