মূসক আইন পর্যালোচনার সিদ্ধান্ত
ব্যবসায়ীদের দাবির মুখে মূল্য সংযোজন কর (মূসক) আইনটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার। নতুন আইন নিয়ে দীর্ঘদিন ধরেই তীব্র আপত্তি করে আসছেন ব্যবসায়ীরা। তাঁরা গুচ্ছ মূসক প্রথা বহাল, সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপসহ নানা দাবি করে আসছেন, যা নতুন আইনে নেই। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসব দাবি নিয়ে বিবৃতিও দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার মূসক আইন নিয়ে এক আলোচনা সভায় আইনটি পর্যালোচনা করার ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে আইনটি কার্যকর করা হবে।
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে আজ বুধবার মূসক আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে এনবিআর। সভায় ব্যবসায়ীরা মূসক আইনটি পর্যালোচনার দাবি জানান। এই দাবির সঙ্গে সভায় উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একমত পোষণ করেন।