মূসক আইনে শাস্তির বিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করের আওতা ও ভিত্তি সম্প্রসারণে ‘মূল্য সংযোজন কর আইন, ২০১২’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী জাল দলিল ও ভুয়া চালান দাখিল করে মূসক (মূল্য সংযোজন কর) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হলে সর্বোচ্চ এক বছরের শাস্তি ও জরিমানা দিতে হবে। ব্যক্তিপর্যায়ে মূসক ফাঁকির জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন আইন ও বাংলাদেশ পরিসংখ্যান আইন অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা সংবাদ ব্রিফিংয়ে এসব জনান।মূসক আইন: মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি পর্যায়ক্রমে তিন বছরে বাস্তবায়ন করা হবে। এটি অর্থ বিল আকারে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। চলতি অধিবেশনেই এটি পাস হবে।সচিব জানান, এখন মামলার জন্য রাজস্ব বোর্ডের অনুমোদনের প্রয়োজন হয়। এ আইন পাস হলে মামলা করতে শুধু কর কমিশনারের অনুমোদন লাগবে। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে মূসক অব্যাহতিরও সুযোগ থাকছে আইনে। মূসক-খেলাপিদের বিরুদ্ধে এখন থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করা যাবে।নদী রক্ষা কমিশন: আইনে নদীর দখলমুক্তি ও তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী খনন, পানি দূষণমুক্ত রাখাসহ আটটি সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে নদী রক্ষা কমিশন গঠন করার কথা বলা হয়েছে। কমিশনে একজন চেয়ারম্যান ও পাঁচজন সদস্য থাকবেন। প্রতিবছর ৩১ মার্চের মধ্যে কমিশন তার আগের বছরের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করবে। কমিশনের কার্যপরিধির মধ্যে রয়েছে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বা বিভাগের কাজের সমন্বয়, নদীর পানি দূষণমুক্ত রাখা, বিলুপ্ত বা মৃতপ্রায় নদী খনন, নদী উন্নয়নসংক্রান্ত বিষয়ে গবেষণা পরিচালনা প্রভৃতি। কমিশনের প্রধান কার্যালয় হবে ঢাকায়। প্রয়োজনে আঞ্চলিক কার্যালয় স্থাপন করা যাবে। কমিশনের সদস্যদের মধ্যে একজন নদী বা পানি বিশেষজ্ঞ, একজন পরিবেশ বিশেষজ্ঞ এবং একজন মহিলা সদস্য হবেন। চেয়ারম্যান ও সদস্যরা তিন বছর মেয়াদে দায়িত্বে থাকবেন।পরিসংখ্যান আইন: কৃষি, শিল্প, পরিবেশ ও আদমশুমারি-সংক্রান্ত তথ্য সংগ্রহ, তথ্যের মান সংরক্ষণ ও বিতরণের বিধান রেখে ‘বাংলাদেশ পরিসংখ্যান আইন, ২০১২’ মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রথমবারের মতো পরিসংখ্যান আইন করছে সরকার।