
সংবাদপত্রশিল্পে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনের প্রয়োগ নিয়ে বিভিন্ন পত্রিকার ব্যবস্থাপনা কর্মীদের প্রশিক্ষণ দিল নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘ভ্যাট আইন ২০১২: সংবাদপত্রশিল্পের ওপর প্রয়োগের উপায়’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে নোয়াব। এতে নতুন আইনে সংবাদপত্রশিল্পের ওপর কোন কোন ক্ষেত্রে মূসক প্রযোজ্য হবে, তা কীভাবে আদায় করতে হবে, কীভাবে নথি সংরক্ষণ করতে হবে এবং কীভাবে অনলাইনে মূসক রিটার্ন ও অর্থ জমা দেওয়া যাবে ইত্যাদি সংবাদপত্রকর্মীদের শেখানো হয়।
দিনব্যাপী এ কর্মশালায় দেশের ২০টি জাতীয় দৈনিকের ৩৯ জন কর্মী অংশ নেন, যাঁদের বেশির ভাগই হিসাব বিভাগের। এটি নোয়াবের এ ধরনের প্রথম আয়োজন। ২০১২ সালে সরকার নতুন মূসক আইন তৈরি করে। ২০১৭-১৮ অর্থবছর থেকে এ আইন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হবে।
কর্মশালার শুরুতে বক্তব্য দেন নোয়াবের সভাপতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, মূসক আইন সম্পর্কে জানার ওপর সংবাদপত্রশিল্পের অনেক কিছু নির্ভর করে। আয় বৃদ্ধি, ব্যয় কমানো, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে কখন, কোন সুবিধা নেওয়া যায়, কীভাবে মূসক সমন্বয় করা যেতে পারে, কীভাবে সংবাদপত্রের স্বার্থ সুরক্ষা করা যেতে পারে—এসব বিষয় জানা ও বোঝা দরকার। এ কারণেই নোয়াবের পক্ষ থেকে প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়েছে। তিনি প্রশিক্ষণে সহায়তা করার জন্য এনবিআরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মশালায় প্রতিনিধি পাঠানোর জন্য সংবাদপত্রের মালিক-প্রকাশকদের ধন্যবাদ জানান।
এনবিআরের সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক রেজাউল হাসান কর্মশালায় বলেন, নতুন আইনটি বাস্তবায়িত হলে অনলাইনে মূসক রিটার্ন ও অর্থ জমা দেওয়া যাবে। এ প্রক্রিয়া চালুর জন্য বর্তমানে মূসক নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আগামী ২৪ নভেম্বর থেকে নিবন্ধন দেওয়া শুরু হবে।
কর্মশালায় প্রশিক্ষণ দেন এনবিআরের অতিরিক্ত কমিশনার (কাস্টমস) জাকির হোসেন এবং প্রথম আলোর উপমহাব্যবস্থাপক (হিসাব) পলাশ রঞ্জন ভৌমিক। এতে অংশ নেয় ইন্ডিপেনডেন্ট, ইত্তেফাক, মানবজমিন, ইনকিলাব, সকালের খবর, করতোয়া, নিউজ টুডে, জনকণ্ঠ, আজাদী, ডেইলি স্টার, যায়যায়দিন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বণিক বার্তা, নিউ এজ, ঢাকা ট্রিবিউন, সমকাল, পূর্বকোণ, ভোরের কাগজ, প্রথম আলো ও আলোকিত বাংলাদেশ।