মূসক কমানোর দাবিতে কাল প্রতীকী ধর্মঘট
মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে চট্টগ্রাম নগরে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন। কাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘটের আওতায় নগরের বিভিন্ন বিপণিবিতানের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
গতকাল রোববার সকালে আন্দরকিল্লায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম।
সভায় বলা হয়, চলতি অর্থবছরে বাজেটে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সর্বনিম্ন প্যাকেজ মূসকের পরিমাণ ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়েছে। এটা অযৌক্তিক। ব্যবসায়ীদের এক লাফে দুই গুণ মূসক পরিশোধ করা সম্ভব নয়। এ কারণে বর্ধিত মূসক কমিয়ে আগের মতো ১৪ হাজার টাকা করতে হবে। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের মূসকের আওতার বাইরে রাখতে হবে।
সভায় চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।