মূসক দিবসে সম্মাননা পেল ২০টি প্রতিষ্ঠান
শোভাযাত্রা, মতবিনিময় সভা আর শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় মূসক দিবস। রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গতকাল বুধবার এসব কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় নগরের নানকিং দরবার হলে দিবসটি উপলক্ষে মতবিনিময় সভা ও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।
রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মারগূব আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন।
মতবিনিময় সভা শেষে রাজশাহী কর অঞ্চলের সাত জেলার ২০টি শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো রাজশাহী জেলার উৎপাদনে সপুরা সিল্ক মিলস, সেবা খাতে বাংলাদেশ পর্যটন মোটেল রাজশাহী ও ব্যবসায়ী খাতে মেসার্স ওমর আলী ট্রেডার্স; পাবনা জেলায় উৎপাদন খাতে এগ্রোভেট ডিভিশন, সেবা খাতে ইয়াকুব অটো সার্ভিস সেন্টার ও ব্যবসায়ী খাতে মেসার্স আরিয়া করপোরেশন; বগুড়া জেলায় উৎপাদন খাতে এসেনশিয়াল লিমিটেড, সেবা খাতে হোটেল নাজ গার্ডেন ও ব্যবসায়ী খাতে মিনিকো বাংলাদেশ; সিরাজগঞ্জ জেলায় উৎপাদন খাতে এসিআই ফুডস লিমিটেড, সেবা খাতে ধানসিড়ি দইঘর ও ব্যবসায়ী খাতে ইউনিলিভারের পরিবেশক আবদুল হামিদ ভূঁইয়া; চাঁপাইনবাবগঞ্জে উৎপাদন খাতে ইগলু ফুডস লিমিটেড ম্যাঙ্গোপাল, সেবা খাতে আদি চমচম ও ব্যবসায়ী খাতে সাইফুল অ্যান্ড সন্স; নওগাঁ জেলায় সেবা খাতে ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পারলার ও ব্যবসায়ী খাতে কামাল অ্যান্ড ব্রাদার্স এবং জয়পুরহাট জেলায় উৎপাদন খাতে জয়পুরহাট সুগার মিলস, সেবা খাতে জয়পুরহাট শিশু উদ্যান ও ব্যবসায়ী খাতে মেসার্স আরাফাত ট্রেডিং।