মূসকদাতা তিন প্রতিষ্ঠানকে সম্মাননা
চট্টগ্রামে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) প্রদানকারী তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। সদ্যসমাপ্ত অর্থবছরে সেবা খাতে কেডিএস লজিস্টিকস, উৎপাদন খাতে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানা এবং ব্যবসা খাতে ড্রেসিডেল সর্বোচ্চ মূসক পরিশোধ করে।
অনুষ্ঠানে এই তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন। ভ্যাট কমিশনারেট মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, ভ্যাট আপিলাত কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার আবদুল মান্নান সিকদার, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেন।