মূসা আদর্শচ্যুত হননি, ভয় পেয়ে পিছিয়ে যাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপসহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা সাংবাদিক এবিএম মূসাকে অনন্য উচ্চতায় নিয়েছে। তিনি সাহসের সঙ্গে অকপটে সত্যকে তুলে ধরেছেন। নিজে আদর্শচ্যুত হননি, ভয় পেয়ে সত্য প্রকাশে কখনো পিছপা হওয়ার লোকও তিনি ছিলেন না।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন আয়োজিত এবিএম মূসার ৮৬তম জন্মদিন উপলক্ষে ‘আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে ‘এবিএম মূসা আজীবন সম্মাননা’ দেওয়া হয়। শুরুতেই অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক–কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ তোয়াব খানকে উত্তরীয় পরিয়ে দেন। আর ক্রেস্ট তুলে দেন এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা।
অনুষ্ঠানে তোয়াব খান বলেন, মাওলানা আকরম খাঁ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, মোহাম্মদ মোদাব্বের এবং কাজী মোহাম্মাদ ইদ্রিসের পথপরিক্রমায় স্বৈরসামরিক শাসক আইয়ুব খানের যুগে এই বাংলায় সাংবাদিকতায় ত্রিরত্ন—তফাজ্জল হোসেন মানিক মিয়া, জহুর হোসেন চৌধুরী ও আবদুস সালামের অভ্যুদয়। পরবর্তীকালে আধুনিক সাংবাদিকতার প্রবর্তনে শহীদ সিরাজুদ্দীন হোসেন, এবিএম মূসারা একটি সুস্পষ্ট ধারার সৃষ্টি করেন। বৈরী পরিবেশে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য উপস্থাপনই এই ধারার প্রধান প্রতিপাদ্য।
সংবাদপত্রের চলমান ধারা তুলে ধরে তোয়াব খান বলেন, সংবাদপত্রের অনলাইন সংস্করণ সংবাদপত্রেরই অংশ। তবে ব্যক্তি পর্যায়ের সামাজিক মাধ্যমে তথ্যের আদান-প্রদানে বাণিজ্যিক ভিত্তির প্রশ্ন অবান্তর। এ ধরনের তথ্যের একটি বিপজ্জনক দিক হলো সত্য ও ব্যক্তি পর্যবেক্ষণের মধ্যে বিস্তর পার্থক্য থাকতে পারে। তাই সামাজিক মাধ্যম কোনো কোনো সময় ‘নিউজ ব্রেকের’ মতো কিছু সৃষ্টি করতে পারলেও স্থায়ী আস্থা অর্জনে অনেক পথ পাড়ি দিতে হবে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, এবিএম মূসার কর্মময় জীবন পাঠ না করলে কেউ সাহসী সাংবাদিক হতে পারবেন না। তিনি অনেক সাংবাদিকের পিতৃতুল্য হলেও মিশতে পেরেছেন বন্ধুর মতো। এটাই ছিল তাঁর বড় গুণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে ‘সংবাদপত্রে বাংলা ভাষার প্রয়োগ: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে স্মারক বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এবিএম মূসার ভাগনি তানিসা মাহমুদ সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।