মৃ ত্যু বা র্ষি কী
চার ভাই ও ভগ্নিপতির মৃত্যুবার্ষিকী আজ
একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ চার ভাই মোকারম হোসেন, মনসুর হোসেন, মোশতাক হোসেন ও মোশারফ হোসেন এবং তাঁদের ভগ্নিপতি ইউসুফ আলীর স্মরণে আজ বৃহস্পতিবার সাভারের হোসেননগর ইপিজেড লিংক রোডের বাইতুল মোজাম্মেল জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মোকারম, মনসুর ও ইউসুফকে পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ১২ ডিসেম্বর হত্যা করে। তাঁরা রণাঙ্গন থেকে পরিবারের সঙ্গে গোপনে দেখা করতে এসেছিলেন। মোশতাক ও মোশারফ ৯ ডিসেম্বর রূপগঞ্জে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন। বিজ্ঞপ্তি।
আলী আজম চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপ-জেলার আখাউড়া সদর (দক্ষিণ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আলী আজম চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে আখাউড়ার দেবগ্রামে মরহুমের বাড়িতে আজ মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তিনি প্রথম আলোর উপব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী ও কম্পিউটার বিভাগের উপপ্রধান শাহনেওয়াজ চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।
শেহাব উদ্দিন
রাজধানীর প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য মো. শেহাব উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ভূঞাপুরের শেহাব উদ্দিন ডিগ্রি কলেজ ও পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মিজানুর রহমান
শহীদ মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। এ উপলক্ষে শহীদ মিজানুর রহমান মজনু স্মৃতি ফাউন্ডেশন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়ায় আজ বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।