মৃণাল হকের ভাস্কর্য নিয়ে রাজশাহীতে শিল্পী সমাজে ক্ষোভ
রাজশাহী নগরের গোরহাঙ্গার মোড়ে গত বুধবার (৩ নভেম্বর) শহীদ এ এইচ এম কামরুজ্জামান স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। নিজের খরচে ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী মৃণাল হক। ভাস্কর্যটি নিয়ে রাজশাহীর শিল্পী সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজশাহী শহরে ১২টি গুরুত্বপূর্ণ মোড়ে মৃণাল হকের ভাস্কর্য নির্মাণ করার কথা রয়েছে।৩০ ফুট উচ্চতাবিশিষ্ট এই ভাস্কর্যের নিচের দিকে ৩০ ফুট ব্যাসের একটি গোলচত্বর বাঁধানো রয়েছে। মূল স্তম্ভটি কালো রঙের। এর মাঝখানে শহীদ এ এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতি। কালো রং শোকের প্রতীক। নিচের গোলচত্বরের ওপরেই একটি অংশ লাল রঙের একটি ঢেউ খেলানো অংশ রয়েছে। এটি রক্তস্রোতের প্রতীক। নিচে রয়েছে ঝরনা এবং তার ওপরে রঙিন আলোর বিচ্ছুরণ।ভাস্কর্যের কম্পিউটার মডেলে নিচের দেয়ালে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ওপরে টেরাকোটার কাজ রয়েছে। সব নিচে সবুজ ঘাসের মাঝখানে লাল রং করে পতাকার আকৃতি রয়েছে। আর স্মৃতিস্তম্ভের ওপরে শান্তির প্রতীক পায়রা এবং তাদের গায়ে রয়েছে রক্তের দাগ। তবে ভাস্কর্যটিতে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের টেরাকোটা এখনো লাগানো হয়নি। কবুতরের গায়েও রক্তের দাগ নেই।ঐতিহ্য রক্ষা, গবেষণা ও প্রকাশনাবিষয়ক সংগঠন বরেন্দ্র পরিষদ এক বিবৃতিতে এই শিল্পকর্মটি নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের একটি স্থাপত্য নির্মাণের আগে সারা দেশের শিল্পীদের কাছ থেকে নকশা আহ্বান করা উচিত ছিল। চার রাস্তার মোড়ে অত্যন্ত নিম্নমানের দ্বিমাত্রিক পুরোনো ধাঁচের একটি কাজ করা হয়েছে। এই শিল্পকর্মে মুক্তিযুদ্ধের অথবা স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের কোনো রূপক বা নির্দশন নেই।বিবৃতিতে বলা হয়, ‘শিল্পীর কম্পিউটারে প্রদর্শিত মডেলের সঙ্গে বাস্তবে এই ভাস্কর্যের হুবহু মিল নেই। এতে স্থাপত্যকলার কোনো বিশেষ গুণাবলিও নেই। এটা একটা সিমেন্ট মিস্ত্রির কাজ হয়েছে।’ বিবৃতিতে স্বাক্ষর করেছেন পরিষদের আহ্বায়ক হাসান রাজা, শিল্পী খোকন পাটওয়ারী, আলোকচিত্রী মিন্টু ও ভাস্কর আজমুল সাচ্চু।বিবৃতিতে তাঁরা বলেছেন, তাঁদের জানামতে, রাজশাহী শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এর চেয়ে অনেক ভালো ভালো নকশা মেয়রের কাছে জমা দেওয়া হয়েছিল। রহস্যজনক কারণে সেগুলো গ্রহণ করা হয়নি।এ ব্যাপারে শিল্পী মৃণাল হক বলেন, রাজশাহীতে এ ধরনের কোনো কাজ নেই। তিনি একটি কাজ করেছেন। আরও ১২টি কাজ করবেন। সবই তিনি নিজের খরচে করছেন। তিনি বলেন, ‘যারা সমালোচনা করছে, তারা একটা ভালো কাজ করে দেখাক।’ উদ্বোধনের এক দিন পরই কামরুজ্জামানের নামফলক খুলে পড়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘তাড়াতাড়ি উদ্বোধনের জন্য সুপার গ্লু দিয়ে লাগানো হয়েছিল। পরে রয়েল প্লাগ দিয়ে লাগানো হবে।’ এ ধরনের ভাস্কর্যের সঙ্গে ঝরনা লাগানোর ব্যাপারে তিনি বলেন, ‘মেয়র সাহেব চাইলেন বলে ঝরনা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন পানি বাইরে যাচ্ছে, এটা কমা-বাড়া করানো যাবে।’