ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছর ২৯ সেপ্টেম্বর মারা যান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি এস এম কামরুজ্জামান বাবুল। ১৩ এপ্রিল ক্যাজুয়াল শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় মৃত বাবুলসহ প্রতিষ্ঠানের ৫১ ক্যাজুয়াল শ্রমিকের নামে রমনা থানার পুলিশ মামলা করেছে। ওই ঘটনার দিন গ্রেপ্তার হওয়া ১৪ জন ছাড়াও আসামি করা হয়েছে সমিতির কেন্দ্রীয় কমিটির ৩২ নেতা ও পাঁচ সাধারণ ক্যাজুয়াল কর্মচারীকে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করার অভিযোগে তাঁরা ছাড়াও এক হাজার থেকে এক হাজার ২০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে রমনা থানার উপপরিদর্শক জহির আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান গতকাল প্রথম আলোকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুজ্জামান বাবুল প্রায় এক বছর আগে মারা যান। এ প্রসঙ্গে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, পুলিশকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নামের তালিকা বিটিসিএল থেকে দেওয়া হয়েছে। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। ঘটনার পর প্রথম কর্মদিবসে গতকাল রোববার ক্যাজুয়াল শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। সরেজমিনে দেখা যায়, ইস্কাটনের প্রধান কার্যালয়ে ক্যাজুয়াল কর্মচারীরা কাজ করছেন। বিভিন্ন বিভাগে তাঁদের উপস্থিতি ছিল নিয়মিত। মগবাজার এক্সচেঞ্জে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ক্যাজুয়াল কর্মচারীরা কাজ করেছেন। অবশ্য নীলক্ষেত এক্সচেঞ্জে সকালে কাজে যোগ দিলেও দুপুরে কর্মচারীদের বের করে দেওয়া হয়। শেরেবাংলা নগরের রাজস্ব ভবনে কোনো ক্যাজুয়াল কর্মচারীকে কাজ করতে দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক শেরেবাংলা ভবনের রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা জানান, রাজস্ব ভবনে অনেক স্পর্শকাতর যন্ত্রপাতি রয়েছে, সামান্য অবহেলায় যেগুলো নষ্ট হয়ে যেতে পারে। যেসব শ্রমিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে আটকে রাখতে পারে, তাদের কর্মকাণ্ডে এসব যন্ত্রপাতির ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাঈদ খান বলেন, ‘ক্যাজুয়াল কর্মচারীদের চাকরি স্থায়ী হওয়া উচিত। কিন্তু অবশ্যই সেটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।’ তিনি বলেন, ১৩ এপ্রিল আলোচনার সময় তাঁদের প্রথমে মাস্টাররোলে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ে সুপারিশ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা রাজি হননি। এমডির বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, ‘উনার আশ্বাসে আমরা মাস্টাররোলে যেতে রাজি আছি। কিন্তু তিনি এ বিষয়ে লিখিত বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।’ ১৫ বছর ধরে বিটিসিএলে সব ধরনের নিয়োগ বন্ধ রয়েছে। পাশাপাশি অবসর বা মারা যাওয়ার কারণে বিভিন্ন সময় লোকবল কমে গেছে। অস্থায়ী ও সাময়িক ভিত্তিতে এসব স্থান পূরণ এবং সংশ্লিষ্ট কাজ শেষ করার তাগিদে এসব শ্রমিক-কর্মচারীকে কাজে নেওয়া হয়েছে। তবে জনবলের অভাবে তাঁরা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে রয়ে গেছেন।