মৃত ঘোষণার ৮ ঘণ্টা পর নবজাতকের নড়াচড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গত শনিবার রাতে এক নবজাতককে মৃত ঘোষণা করেন। কিন্তু গতকাল রোববার দাফনের জন্য গোসলের সময় শিশুটি নড়ে ওঠে এবং পরে তাঁকে দুধ খাওয়ানো হয় বলে দাবি করেছে পরিবারের লোকজন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, শিশুটি মৃত।
ডিমলার সর্দারহাট গ্রামের আসাদুল ইসলাম জানান, তাঁর স্ত্রী শাহিমা বেগম শনিবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পুত্রসন্তান প্রসব করেন। তবে রাত তিনটার দিকে সেখানকার চিকিৎসক হামদুল্লাহ নবজাতককে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা ১১টার দিকে দাফনের জন্য গোসল করাতে গেলে শিশুটি নড়েচড়ে ওঠে। এ সময় বাড়ির লোকজন চামচে করে তাকে দুধ খাওয়ায়। পরে দুপুর ১২টার দিকে তাকে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাকে প্রায় দেড় ঘণ্টা অক্সিজেন দেওয়ার পর আবারও মৃত ঘোষণা করেন।
আসাদুলের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ কুমার রায় বলেন, দুপুর ১২টার দিকে মৃত অবস্থায় শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনেরা। এর পরও স্বজনদের অনুরোধে শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়েছিল।
তবে শনিবার রাতের কর্তব্যরত চিকিৎসক হামদুল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি তখন স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন।