মৃত ডলফিন নিয়ে মংলায় তোলপাড়
বাগেরহাটের মংলায় মৃত একটি ডলফিন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝিতে এক ব্যক্তিকে পাচারকারী সন্দেহে আটক করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। মংলা খেয়াঘাটসংলগ্ন ব্যবসায়ী ও পথচারীরা জানান, গত শনিবার দুপুর একটার দিকে খেয়াঘাটসংলগ্ন মংলা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। দুপুর দুইটার দিকে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ কনজারভেন্সি সোসাইটির মংলার মাঠকর্মী মো. গাউস শেখ ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি গবেষণার জন্য মৃত ডলফিনের শরীর থেকে নমুনা হিসেবে দুই ইঞ্চি চামড়া ও পাকস্থলি কেটে পলিথিনে সংগ্রহ করেন।এ সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে সুন্দরবনের পূর্ব বিভাগকে খবর দেয়। বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা বেআইনিভাবে ডলফিনের অঙ্গ-প্রতঙ্গ পাচারের অভিযোগে গাউসকে আটক করে বন বিভাগের হেফাজতে নেন। ওয়াইল্ড লাইফ কনজারভেন্সি সোসাইটির খুলনার দায়িত্বপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০০৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছি।’ তিনি জানান, বন বিভাগের অন্য দপ্তর ঘটনাটি না জেনেই আমাদের ওই কর্মীকে আটক করে।