টাঙ্গাইল শহরে গত শনিবার একটি কম্পিউটার সেন্টারে হামলার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত তরুণের পরিচয় মিলেছে। সুমন সাহা নামের ওই তরুণকে নিজেদের কর্মী বলে দাবি করেছে জেলা ছাত্রলীগ। এ ঘটনায় জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ১৪ দলের পতাকা মিছিল জামায়াত-শিবির পরিচালিত কসমস কম্পিউটার সেন্টারের কাছে পৌঁছালে ওই সেন্টার থেকে থেকে ৭০-৮০ জন মিছিল লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় হামলাকারীদের ধরতে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী সেখানে গেলে জামায়াত-শিবিরের লোকজন বিস্ফোরণ ঘটায়। এতে অগ্নিদগ্ধ হয়ে সুমন মারা যান। টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তদন্ত করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, সুমন সাহার বাড়ি বাসাইল উপজেলার ভোরপাড়া এলাকায়। সুমনকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ।