মৃত প্রভাষককে পদোন্নতি দিয়ে বদলি!
২০১২ সালের ২২ জানুয়ারি গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রভাষক শামিমা পারভিন মারা যান। চলতি বছরের ১৩ মে এক প্রজ্ঞাপনে তাঁকে সহকারী অধ্যাপক হিসেবে কাশিয়ানী উপজেলার রামদিয়া এস কে কলেজে বদলি করা হয়েছে। ঘটনাটি জানার পর কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিস্ময় প্রকাশ করেছেন।শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহামঞ্চদ নাসির উদ্দীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের এক হাজার ৫৬ জন কর্মকর্তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ক্রমিক নং ১-এ গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রভাষক মৃত শামিমা পারভিনের (১০৯৮৪) নাম রয়েছে। তাঁকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে রামদিয়া সরকারি এস কে কলেজে পদায়ন করা হয়।এ ব্যাপারে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিলয় কান্তি বিশ্বাস বলেন, ‘প্রভাষক শামিমা পারভিনের মৃত্যুর বিষয়টি যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তার পরও তাঁকে পদায়নপূর্বক বদলি করায় আমরা অবাক হয়েছি।’