মৃত বোনের পাশে কাঁদছে এক রত্তি শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় নিহত বোনের মরদেহের পাশে বসে কাঁদছে এই শিশুটি। সে বাড়ির ঠিকানা বলতে পারে না। ছবিটি নান্দাইল মডেল থানা থেকে তোলা। ছবি: রমেশ কুমার
দুর্ঘটনায় নিহত বোনের মরদেহের পাশে বসে কাঁদছে এই শিশুটি। সে বাড়ির ঠিকানা বলতে পারে না। ছবিটি নান্দাইল মডেল থানা থেকে তোলা। ছবি: রমেশ কুমার

ব্যাটারিচালিত ইজিবাইকে দুর্ঘটনায় নিহত বড় বোনের মরদেহের পাশে বসে কেঁদে চলেছে তিন বছরের একটি শিশু। শিশুটি তাদের কোনো ঠিকানা বলতে পারে না।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা এলাকার নান্দাইল-আঠারবাড়ি সড়কে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে গেলে মৃত্যু হয় ওই তরুণীর। তার তিন বছর বয়সী ছোট ভাই বাড়ির ঠিকানা বলতে পারে না। এ কারণে নিহত তরুণীর মরদেহ ও শিশুকে নান্দাইল থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেখানেই বোনের মরদেহের পাশে বসে কেঁদে চলেছে শিশুটি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রাম থেকে ওই তরুণী শিশুটিকে নিয়ে ইজিবাইকে ওঠেন। নান্দাইল শহরে ঢোকার আগেই ইজিবাইকের মর্টারে তরুণীর ওড়না পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তারা মৃত ঘোষণা করেন। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল থেকে থানায় নিয়ে আসার পর শিশুটি ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার আগে ঘুম ভাঙলে সে তার বোনের খোঁজ করতে শুরু করে। বোনকে কাছে না পেয়ে শিশুটি কান্নাকাটি শুরু করে। এ সময় একজন কনস্টেবল শিশুটিকে কোলে নিয়ে থানার বাইরে ঘুরতে যান।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, উপযুক্ত পরিবেশ তৈরি করে দুপুরে শিশুটিকে জিজ্ঞেস করলে সে তার নাম সোয়ান বলে জানিয়েছে। শিশুটি জানায়, নিহত তরুণী তার বোন সোহাগী। বাড়ি নরসিংদী, বাবার নাম শফিক ও নানার নাম নুরুল ইসলাম। শিশুটি আর কিছু বলতে পারে না। এ ঘটনায় ইজিবাইকচালককে আটক করা হয়েছে।