চট্টগ্রামে মৃত ব্যক্তিকে হত্যা ও অস্ত্র মামলায় আসামি করায় মামলার বাদী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে বলেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন। ৩১ জুলাইয়ের মধ্যে তাঁদের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী থানায় গত সোমবার সন্ধ্যায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) রহমত উল্লাহ বাদী হয়ে সরকারি কাজে বাধাদান ও হত্যার অভিযোগে একটি এবং র্যাবের অপর ডিএডি রফিকুল ইসলাম বাদী হয়ে একটি অস্ত্র মামলা করেন। উভয় মামলায় জেলার রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের নদীমপুর এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন ওরফে জসিমকে আসামি করা হয়। কিন্তু অনোয়ার হোসেন ওই দিন ভোরেই হাটহাজারীর লাঙ্গলমোড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’মারা যান। র্যাবের দায়ের করা মামলার এজাহারেও তা উল্লেখ রয়েছে। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) আসামির কলামেও দুটি মামলায় আনোয়ার হোসেনের নাম আছে।
এ ব্যাপারে র্যাব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে গত সোমবার ভোর রাতে হাটহাজারীর লাঙ্গলমোড়া এলাকায় যায় র্যাবের একটি দল। র্যাবের অপর একটি দল হাটহাজারীর ইছাপুর বাজারে টহল দিতে থাকে। লাঙ্গলমোড়া বাজারে র্যাবের দল পৌঁছালে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। তখন জীবন রক্ষার্থে র্যাবও পাঁচটি গুলি ছুড়লে আসামিরা পালিয়ে যান। অপরদিকে ইছাপুর বাজারে একটি এসএমজি ও গুলিসহ দুজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে লোকমুখে শোনা যায়, লাঙ্গলমোড়া এলাকায় আসামিদের গুলিতে আনোয়ার হোসেন ওরফে জসীম নামের এক ব্যক্তি মারা গেছেন।
লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ আরও বলেন, ‘গ্রেপ্তার করা কয়েকজন আসামির স্বীকারোক্তিতে আনোয়ার হোসেনের নাম উঠে আসায় তাঁকে দুই মামলায় আসামি করা হয়েছে। আসামিদের গুলিতে নিহত ব্যক্তি আনোয়ার হোসেন কি না তা আমরা নিশ্চিত ছিলাম না। আদালতের চিঠি হাতে পাওয়ার পর কারণ ব্যাখ্যা করা হবে।’
এ নিয়ে কথা বলতে হত্যা মামলার বাদী র্যাবের ডিএডি রহমত উল্লাহকে গতকাল বিকেলে ফোন দিলে তিনি ‘ডিউটিতে’ আছেন বলে ফোন কেটে দেন। অস্ত্র মামলার বাদী রফিকুল ইসলামও কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘তাড়াহুড়োর মধ্যে আমরা সবকিছু দেখতে পারিনি। এটি এমন সমস্যা না। পরে বাদ দেওয়া যাবে।’
এদিকে অস্ত্র মামলায় আসামি গিয়াস উদ্দিনের দুই দিনের এবং আসামি আবদুর রাজ্জাক ও আলবার হোসেনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার ওসি (তদন্ত) আবুল কাশেম ভুঁইয়া তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। আর হত্যা মামলায়ও তাঁদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। কিন্তু বিচারক তা নাকচ করে দেন।