মৃত ব্যক্তিও রেহাই পাননি জালিয়াতি থেকে!
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘিতে অবস্থিত জনতা ব্যাংক রসুলপুর শাখার ব্যবস্থাপক আবদুল হালিমের বিরুদ্ধে গ্রাহকদের স্বাক্ষর জাল করে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যাঁদের স্বাক্ষর জাল করে টাকা তুলে নেওয়া হয়েছে তাঁদের একজন তিন বছর আগে মারা গেছেন।উপজেলার আকন্দের বাইদ গ্রামের জায়দা খাতুন জানান, ২০০৯ সালের ১৮ অক্টোবর তিনি জনতা ব্যাংকের রসুলপুর শাখায় পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত (এফডিআর) করেন। ওই হিসাবের বিপরীতে চলতি মাসের ৩ তারিখ শাখা ব্যবস্থাপক তাঁর (জায়দার) স্বাক্ষর জাল করে দেড় লাখ টাকা ঋণ হিসেবে তুলে নেন। জায়দা বলেন, আমি ব্যাংক লেনদেন করি টিপসই দিয়ে। অথচ ঋণের টাকা তোলা হয়েছে আমার স্বাক্ষর দিয়ে। তা ছাড়া ব্যাংকে রক্ষিত কাগজপত্রে আমার নাম ‘জায়দা’ হলেও যে চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে, তাতে আমার স্বাক্ষরে ‘জায়েদা’ লেখা আছে। এ ব্যাপারে জায়দা ১৩ জানুয়ারি জনতা ব্যাংকের টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ করেছেন।জানা গেছে, সাগরদিঘি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলীর ব্যাংক হিসাব থেকে তাঁর স্বাক্ষরে ৪ জানুয়ারি ২৪ হাজার টাকা তোলা হয়েছে। অথচ প্রায় তিন বছর আগে ইয়াকুব আলী মারা গেছেন। ইয়াকুব আলীর ছেলে আকরাম হোসেন জানান, তাঁদের অজ্ঞাতে শাখা ব্যবস্থাপক আবদুল হালিম ওই টাকা তুলে নিয়েছেন।সাগরদিঘি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, শাখা ব্যবস্থাপকের অপেশাদারি আচরণের কারণে ওই শাখায় আমার ব্যাংক হিসাবটি সম্প্রতি বন্ধ করে দিয়েছি। শাখা ব্যবস্থাপক আবদুল হালিম গত শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘ব্যাংকে কোনো অনিয়ম হলে এর দায়দায়িত্ব শাখা ব্যবস্থাপকের ওপর বর্তায়।’ এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।