মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি নিবন্ধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতার ছেলে ও জামাতার বিরুদ্ধে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে এবং তাঁর নাম ব্যবহার করে জমি নিবন্ধন (রেজিস্ট্রি) করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত ব্যক্তির ছেলে ফেব্রুয়ারি মাসে আদালতে মামলা করেছেন।মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার সদর গ্রামের হারান কর্মকারের ছোট ছেলে হরিলাল কর্মকার ওরফে মানিক কর্মকার পৈতৃক সূত্রে ৩ দশমিক ২২ শতাংশ জমি পান। হরিলালের বড় ভাই হরেন্দ্রনাথ কর্মকার সব জমি অনেক আগে বিক্রি করে নাটোরের গুরুদাসপুরে চলে যান। ২০০৮ সালের ৩০ নভেম্বর হরিলাল কর্মকার মারা যাওয়ার পর এলাকার প্রভাবশালীরা তাঁর সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করে। এর অংশ হিসেবে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ম ম আমজাদ হোসেনের ছেলে ম ম জর্জিয়াস ও জামাতা গোলাম রব্বানী গুরুদাসপুর থেকে হরেন্দ্রনাথ কর্মকারকে এলাকায় নিয়ে আসেন। পরে তাঁরা তাঁকে হরিলাল কর্মকার সাজিয়ে ওই জমি ১ ফেব্রুয়ারি তাঁদের নামে নিবন্ধন করিয়ে নেন।নিবন্ধন করার পর জমি দখলে নিলে এই প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি হরিলাল কর্মকারের ছেলে মিলু কর্মকার আওয়ামী লীগ নেতার ছেলে জর্জিয়াস ও গোলাম রব্বানীসহ নয়জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ ফৌজদারি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।গোলাম রব্বানী বলেন, ‘কে হরিলাল আর কে হরেন্দ্রনাথ বিষয়টি জরুরি নয়। আমরা যার কাছ থেকে জমি ক্রয় করেছি, তাঁর নামে জমি থাকলেই হলো। তার পরও আদালতে মামলা হয়েছে, কে আসল আর কে নকল আদালতই তা প্রমাণ করবে।’মামলার বাদী মিলু কর্মকার বলেন, ‘আমার বাবা ২০০৮ সালে মারা গেছেন। সে সনদও আদালতে জমা দেওয়া আছে। এখন আসামিরা আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।’ তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।