মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে রেশন আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দিবা থানাপাড়া গুচ্ছগ্রামের অসিত বরণ রায় মারা গেছেন ১০ বছর আগে। বর্তমানে ওই গুচ্ছগ্রামে তাঁর কোনো ওয়ারিশ নেই। কিন্তু ১০ বছর ধরে অসিত বরণ রায়ের নামে সরকার-প্রদত্ত খয়রাতি রেশনের ৫৫ কেজি গম ও ২৯ কেজি চাল (প্রতি মাসে) ঠিকই উত্তোলন করা হচ্ছে।চলতি বছরের ২২ জুন দিবা থানাপাড়া গুচ্ছগ্রামে উপজেলা প্রশাসনের অধীনে রেশন বিতরণ করতে গিয়ে অসিত বরণ রায়ের মৃত্যুর ঘটনাটি ধরা পড়ে। ফলে প্রশাসন এপ্রিল, মে ও জুন মাসের রেশন বিতরণ না করে সরকারি কোষাগারে জমা রেখে দেয়। তাঁর মৃত্যুর ঘটনাটি ১০ বছর ধরে প্রশাসনের কাছেও গোপন রাখা হয় এবং প্রায় দুই লাখ টাকার খাদ্যশস্য আত্মসাৎ করা হয়।অনুসন্ধানে জানা গেছে, ১৯৮৬ সাল থেকে গুচ্ছগ্রামে বসবাসকারী ব্যক্তিদের জন্য প্রতি মাসে ৫৫ কেজি গম ও ২৯ কেজি চাল সরকারিভাবে বিনা মূল্যে বিতরণ শুরু হয়। উপজেলা সদরে অবস্থিত দিবা থানাপাড়া গুচ্ছগ্রামে অসিত বরণ রায় ১৮৭ নম্বর ক্রমিকে একটি রেশনকার্ড পান। অসিত বরণ রায় মারা যান ২০০০ সালে। তাঁর চার মেয়ের সবার বিয়ে হয়েছে পার্বত্য জেলার বাইরে। একমাত্র ছেলে সুমন রায় ইসলামধর্ম গ্রহণ করে দীঘিনালা উপজেলা সদরে চলে আসেন। বর্তমানে গুচ্ছগ্রামে অসিত বরণ রায়ের কোনো ওয়ারিশ নেই। তার পরও তাঁর নামে টিপসই দিয়ে প্রশাসনের কাছে মাস্টাররোল জমা দেওয়া হয়েছে।এপ্রিল, মে ও জুনের রেশন বিতরণের দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো. সোহেল বলেন, ‘রেশন বিতরণ করতে গিয়ে জানতে পারি, ১৮৭ নম্বর কার্ডধারী মৃত। আশ্চর্যের বিষয় হলো, গ্রামে তাঁর কোনো ওয়ারিশ নেই। অথচ ১০ বছর ধরে এই মৃত ব্যক্তির নামে রেশন বিতরণ করা হয়েছে। গত তিন মাসের রেশন বিতরণ না করে জমা রেখে দিয়েছি।’