মৃত ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা
কুষ্টিয়ায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মৃত এক বৃদ্ধকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। গত রোববার বিকেলে পুলিশের নির্যাতনে ওই বৃদ্ধ মারা যান বলে তাঁর পরিবার অভিযোগ করেছিল।
বটতৈল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এহসানুল করিম গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
ওই বৃদ্ধের নাম আবুল কাশেম (৬০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের বাসিন্দা। আবুল কাশেমের বড় মেয়ে রিনা খাতুন গত রোববার বলেন, জমি নিয়ে প্রতিবেশী আমজেদ হোসেনের সঙ্গে তাঁর বাবার বিরোধ ছিল। বিকেল চারটার দিকে পুলিশের চার সদস্য তাঁদের বাড়িতে আসেন। এ সময় পুলিশের এক সদস্য তাঁর বাবাকে মারধর করেন। অপর একজন রাইফেলের বাঁট দিয়ে পিঠে আঘাত করেন। পরে তাঁকে গাড়িতে করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
তবে থানার পুলিশ জানায়, প্রতিবেশীর বাড়িতে হামলার ঘটনায় আবুল কাশেমকে আটক করা হয়। থানায় নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে তিনি মারা যান।
পুলিশ আরও জানায়, আমজেদ হোসেনের সঙ্গে যে জমি নিয়ে কাশেমের বিরোধ ছিল, তা সরকারি বন্দোবস্ত দেওয়া জমি। এ জমি নিয়ে মামলাও চলছিল। মামলার রায় আমজেদের পক্ষে যায়। ইউনিয়নের ভূমি কর্মকর্তা গত রোববার সকালে এ জমি আমজেদকে বুঝিয়ে দিতে যান। এ সময় আবুল কাশেম তাঁদের বাধা দেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে গতকাল সোমবার দুপুরে আবুল কাশেমের লাশের ময়নাতদন্ত করা হয়। আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘হার্ট আট্যাকে তিনি মারা গেছেন। এ ছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।’
পারিবারিক গোরস্থানে গতকাল বিকেলে আবুল কাশেমকে দাফন করা হয়।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) ওবাইদুর রহমান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় থানায় মামলা হয়েছে। মামলায় মারা যাওয়া আবুল কাশেম প্রধান আসামি। বাকি আসামিদের তদন্ত করে ধরা হবে।