মৃত ব্যক্তিদের মধ্যে চারজন বরগুনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে ঝিলের ওপর টিন-কাঠের তৈরি দোতলা বাড়ি দেবে গত বুধবার ১২ জন মারা যান। তাদের মধ্যে চারজনের বাড়ি বরগুনা সদর উপজেলায়।
ওই চারজন হলেন নিজাম উদ্দিন খান (৪৫), তাঁর স্ত্রী কল্পনা আক্তার, তাঁদের পুত্রবধূ রোখসানা বেগম (২২) ও নিজামের চাচাতো বোনের স্বামী হারুন অর রশিদ। গত বৃহস্পতিবার বিকেলে চারজনের লাশ সড়কপথে বরগুনায় আনা হয় এবং সন্ধ্যায় বাড়িতে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিজাম উদ্দিন খান আন্তজেলা ডাকাত দলের প্রধান ছিলেন। গত বছরের ২ এপ্রিল রাতে সদর উপজেলার খাজুরতলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে। সে সময় ডাকাত দলটি তিনটি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে গ্রামের লোকজন নিজামের তিন সহযোগীকে ধরে পুলিশে সোপর্দ করে এবং নিজামের বসতঘর ভাঙচুর করে। এর পর থেকে নিজাম পরিবার নিয়ে ঢাকায় আত্মগোপন করে ছিলেন।