মৃত ব্যক্তিদের স্ত্রী সেজে টাকা তুলে আত্মসাৎ
চাঁদপুরের প্রধান ডাকঘর ও হাজীগঞ্জের বলাখাল উপ-ডাকঘর থেকে জালিয়াতির মাধ্যমে আট লাখ ৬৮ হাজার ১০৬ টাকা উত্তোলন করেছে একটি প্রতারক চক্র। ডাক বিভাগের মৃত চারজন কর্মচারীর স্ত্রী সেজে ওই চক্র এ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় চাঁদপুর প্রধান ডাকঘরের পরিদর্শক শহিদুল ইসলাম পাঁচজনকে আসামি করে ৯ এপ্রিল একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন সদর উপজেলার রাড়ীরচর গ্রামের শাহজাহান বেপারী (৫০), দক্ষিণ আশিকাঠি গ্রামের খুরশিদা বেগম (৫৩), চান্দেরবাগ গ্রামের মৃত রিপন চন্দ্রের স্ত্রী মরনী বালা দেবী (৫৫), শাহরাস্তি উপজেলার ওয়ারুক গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী আমেনা খাতুন (৫৮) ও হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের শহীদ উল্যার স্ত্রী খায়রুন নেছা (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের জুলাই থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত চাঁদপুর প্রধান ডাকঘর ও বলাখাল উপ-ডাকঘর থেকে আসামিরা ওই টাকা উত্তোলন করেন। ডাক বিভাগের মৃত চার কর্মচারী চান মিয়া, সিকান্দার আলী, বিপিন চন্দ্র দে এবং ফজলুর রহমান মৃত্যুর পর ওই আসামিরা তাঁদের প্রকৃত নাম, ঠিকানা ও পরিচয় গোপন করে মৃত কর্মচারীদের স্ত্রী সাজেন। পরে তাঁরা ভুয়া কাগজপত্র তৈরি করে লিখিতভাবে পারিবারিক পেনশনের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের নামে পিপিও (ফ্যামিলি পেনশন অর্ডার) ইস্যু হলে তাঁরা বকেয়া পেনশন, নিয়মিত পেনশন, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাবদ ওই টাকা দুটি ডাকঘর থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।
মামলার এজাহারে আরও বলা হয়, সব ঘটনায় মামলার প্রধান আসামি শাহজাহান বেপারী নিজ হাতে পেনশন ফরম পূরণ করেছেন। ভুয়া কাগজপত্র প্রস্তুত করেছেন, টাকা উত্তোলনের সহায়তা করেছেন এবং সব জালিয়াতি প্রক্রিয়ায় মূল অনুঘটকের ভূমিকা পালন করেছেন। ডাক বিভাগের প্রাথমিক তদন্তেও এটি প্রমাণিত হয়েছে।
ডাকঘর বিভাগের তদন্ত অনুযায়ী, রূপভানু নামে খায়রুন নেছা ৯৫৯৬ পিপিওর মাধ্যমে দুই লাখ ৩৩ হাজার ১৯৭ টাকা, নুরুন নেছা নামে খুরশিদা ৯৪০২ পিপিওর মাধ্যমে দুই লাখ ১৮ হাজার ১২৩ টাকা, মরনী বালা দেবী প্রকৃত পরিচয় গোপন করে ১০১৮১ পিপিওর মাধ্যমে দুই লাখ আট হাজার ৩৫৯ টাকা এবং আমেনা খাতুন ১০১৮২ পিপিওর মাধ্যমে দুই লাখ আট হাজার ৪২৭ টাকা আত্মসাৎ করেছেন। শহীদুল ইসলাম জানান, শাহজাহান বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, মামলাটি দুদক তদন্ত করছে।