মৃত ব্যক্তির কর্নিয়া, কিডনি, হৃদ্যন্ত্র, যকৃৎ, চামড়া অসুস্থ ব্যক্তির শরীরে সংযোজন বা প্রতিস্থাপন করা যায়। এতে অসুস্থ ব্যক্তি নতুন জীবন পেতে পারেন। আর এভাবে মৃত ব্যক্তিও অমর থাকতে পারেন বহু মানুষের মনে। মানুষ যে মানুষের জন্য, সেই বিষয়ে উদ্বুদ্ধ করা প্রয়োজন।
মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গপ্রত্যঙ্গ দানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সুযোগ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা গতকাল সোমবার এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘মৃত্যুঞ্জয়’ নামের একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে। এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছিল সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও ভারতের গণদর্পণ নামের একটি সংগঠন। মরণোত্তর অঙ্গপ্রত্যঙ্গ ও দেহদানে মানুষকে উদ্বুদ্ধ করতে গত বছর মৃত্যুঞ্জয়ের প্রতিষ্ঠা হয়। একই উদ্দেশ্য নিয়ে ভারতে ১৯৮৫ সাল থেকে কাজ করছে গণদর্পণ।
গণদর্পণের অন্যতম উদ্যোক্তা ব্রজ রায় অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের ছবি দেখান। ওই যুবকের মস্তিষ্কের মৃত্যু হওয়ার পর ৩৬টি অঙ্গ অন্যের দেহে সংযোজন করা হয়।
সেমিনারে বাংলাদেশের চিকিৎসকেরা বলেন, সন্ধানী মানুষকে রক্তদানে যেভাবে উৎসাহিত করতে পেরেছে, মরণোত্তর চক্ষুদানে সেভাবে উদ্বুদ্ধ করতে পারছে না। সমাজের মানুষের অনুভূতিকে শ্রদ্ধা জানাতে হবে। চিকিৎসকদের সম্পৃক্ততাও বাড়াতে হবে। এ ছাড়া মৃত্যুর পর কর্নিয়া, কিডনি, যকৃৎ, হৃদ্যন্ত্র নিলে দেহ বিকৃত হয়ে যাবে না বা মৃতদেহের অসম্মান হবে না—এ বিষয়টি মানুষকে বোঝাতে হবে।
চিকিৎসকেরা জানান, চামড়া নেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভীতি থাকে। মৃতদেহের পিঠ ও পায়ের ওপরের অংশ থেকে চামড়া নেওয়া হয়। এতে চেহারার কোনো বিকৃতি হয় না। অঙ্গপ্রত্যঙ্গ নেওয়ার পর ভালোভাবে সেলাই করা হয়। বিএসএমএমইউর অঙ্গব্যবচ্ছেদবিদ্যা বিভাগের প্রধান খন্দকার মানজারে শামীম বলেন, ‘যাঁরা মরণোত্তর দেহ বা অঙ্গপ্রত্যঙ্গ দানের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাঁদের মধ্যে চিকিৎসকদের দেখছি না। তাঁরা এগিয়ে এলে মানুষ উদ্বুদ্ধ হবে।’
ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইপিজিএমইআর) ট্রান্সপ্ল্যান্ট সার্জন রাজেন্দ্র পান্ডে বলেন, কলকাতায় অবৈধভাবে অঙ্গপ্রত্যঙ্গ লেনদেনের হার বেশি বলে মানুষ অনেক সময় চিকিৎসকদের ওপর আস্থা পান না।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান; স্থপতি মোবাশ্বের হোসেন, রবিউল হোসেন প্রমুখ।